সিপিবির বিক্ষোভ সমাবেশ আজ
টিপাইমুখ বাঁধ নির্মাণের ভারতীয় সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সমাবেশে সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সহসাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদসহ দলের নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।সমাবেশ উপলক্ষে গতকাল সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সেখানে কোনো স্থাপনা নির্মাণ করা হবে না বলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন। তার পরও টিপাইমুখে বাঁধ নির্মাণের জন্য বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।বিবৃতিতে বলা হয়, তাঁরা বিষয়টি বাংলাদেশের স্বার্থহানিকর ও বড় প্রতিবেশীর বৈরী আচরণ হিসেবেই দেখছেন।