সিপিবির সমাবেশে বোমা হামলার ১১ বছর আজ
২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা হয়। ওই ঘটনায় সাতজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।আজ শুক্রবার ওই হামলার ১১ বছর পূর্তি। কিন্তু এত দিনেও ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করা হয়।সিপিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, তৎকালীন আওয়ামী লীগ শাসনামলে দায়ের করা ওই মামলা বিএনপি সরকারের সময় একবার খারিজ হয়ে যায়। পরবর্তী সময়ে পুনরুজ্জীবিত করে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। কিন্তু আজ পর্যন্ত ওই মামলার তদন্ত প্রতিবেদন সম্পর্কে দেশবাসীকে কিছুই জানানো হয়নি। অবশ্য মামলার তদন্ত কর্মকর্তা মৃণাল কান্তি সাহা বলেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তকাজ শেষ করে খুব দ্রুত মামলার মূল অভিযোগপত্র দেওয়া হবে।ওই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিপিবি। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।