সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজ তল্লাশিকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির ঘটনার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
সমঝোতার অংশ হিসেবে এখন থেকে উড়োজাহাজ তল্লাশির আগে শুল্ক কর্মকর্তাদের সিভিল এভিয়েশনের রেজিস্টারে নাম লিখতে হবে না। তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ উড়োজাহাজে প্রবেশ করার আগে তাঁদের তল্লাশি করতে চাইলে কোনো আপত্তি করা যাবে না।
গত বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিভিল এভিয়েশন কার্যালয়ে এ দুটি সংস্থার মধ্যে বৈঠকে এই সমঝোতা হয়। দুই ঘণ্টার এই বৈঠকে সিভিল এভিয়েশন ও ঢাকা কাস্টম হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তা বলেন, উড়োজাহাজের ভেতরে ঢোকার আগে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা ইচ্ছে করলে শুল্ক কর্মকর্তাদের তল্লাশি করতে পারবেন। তবে তল্লাশির নামে অযথা সময়ক্ষেপণ করা যাবে না। চোরাচালানকারী ও চোরাই পণ্য আটকের বিষয়ে এক পক্ষ আরেক পক্ষকে সহযোগিতা করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তল্লাশি ছাড়া উড়োজাহাজে যেতে হলে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গেও কথা বলে নিতে হবে।
২০১৫ সালে বাংলাদেশ বিমানসহ চারটি বিমান সংস্থার উড়োজাহাজ তল্লাশি করে ১৩০ কেজির বেশি সোনা উদ্ধার করা হয়। এসব তথ্য জানিয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিপুল পরিমাণ এসব সোনার চালান উড়োজাহাজগুলোর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এখন হঠাৎ করে নাম লিপিবদ্ধ করার কথা তারা (সিভিল এভিয়েশন) আমাদের বলছে। এখন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
এদিকে গত মঙ্গলবারের ঘটনায় ভিডিও চিত্র চেয়ে গত ৩০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে চিঠি দিয়েছে শুল্ক বিভাগ। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম এইচ জাকির হাসানের কাছে পাঠানো এই চিঠিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত বিমানবন্দরের ৪ নম্বর বে এলাকার দেড় ঘণ্টা সময়ের ভিডিও ফুটেজ চাওয়া হয়।
জানতে চাইলে গ্রুপ ক্যাপ্টেন এম এইচ জাকির হাসান প্রথম আলোকে বলেন, সমস্যার সুন্দর সমাধান হয়েছে। দুই পক্ষই তাদের নিয়মমতো চলবে। তবে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অবশ্য শুল্ক বিভাগকে ভিডিও ফুটেজ দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, সিভিল এভিয়েশনের রেজিস্টারে লিপিবদ্ধ ছাড়াই মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ১৮টি উড়োজাহাজ তাঁরা তল্লাশি করেন। সবশেষ রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে ১০০ কেজির মতো সোনার চালান আসার খবর তাঁরা জানতে পারেন। এ সময় উড়োজাহাজে প্রবেশের সময় বাধা দেওয়া হয়। এ ঘটনা তদন্তে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।