বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ওষুধ তৈরির কাঁচামাল চুরির সময় দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গ্রেপ্তার হওয়া দুলাল হোসেন সিভিল এভিয়েশনের গাড়িচালক আর সিরাজুল ইসলাম জিএমজি এয়ারলাইনসের কর্মচারী। গতকাল সোমবার ভোরে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটে তাঁদের গ্রেপ্তার করা হয়।এপিবিএনের সহকারী পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া দুজন বিমানবন্দরের কার্গো ভিলেজে (ইমপোর্ট কার্গো) থেকে সাত ড্রাম কাঁচামাল (রাসায়নিক) একটি পিকআপ ট্রাকে নিয়ে পালাচ্ছিলেন। হ্যাঙ্গার গেটে কর্তব্যরত এপিবিএন সদস্যরা পিকআপটিকে থামিয়ে জিজ্ঞেস করলে তাঁরা গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করেন এপিবিএন সদস্যরা।আতিকুর রহমান জানান, ওই ড্রামগুলো বাংলাদেশের নভো হেলথকেয়ার নামের একটি প্রতিষ্ঠান ভারতের গুজরাট থেকে আমদানি করেছিল। প্রতিটি ড্রামে ২৫ কেজি করে মেট্রোনিডাজল বিপি নামের ওষুধ তৈরির কাঁচামাল রয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী কবির, আজিবর, ইব্রাহীম, বেস্ট এয়ারওয়েজের কর্মচারী জুয়েল, সিভিল এভিয়েশনের মালী তুহিন এ ড্রামগুলো পাচার করছিলেন। প্রদর্শনীর জন্য বিদেশে পাঠানোর অপেক্ষায় থাকা মূর্তি থেকে শুরু করে বিমানবন্দরের কার্গোগুদাম থেকে এর আগেও বিভিন্ন দ্রব্য চুরির অভিযোগ উঠেছে বিমান ও সিভিল এভিয়েশনের কর্মীদের বিরুদ্ধে।