সীমানা ছাড়িয়ে রাস্তায় পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের বসানো ২৪টি পশুর হাটে জমে উঠেছে কেনাবেচা। এর মধ্যে কয়েকটি হাটের নির্দিষ্ট সীমানার বাইরেও আশপাশের সড়কে পশু রাখায় চলাচলে সমস্যা হচ্ছে। নির্ধারিত সীমানার বাইরে যত্রতত্র হাট বসানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

হাটের ইজারাদারেরা বলছেন, সিটি করপোরেশন থেকে হাট বসানোর জন্য যে সীমানা বেঁধে দেওয়া হয়েছে, তা খুবই স্বল্প। হাটে আসা পশু নির্ধারিত জায়গায় সংকুলান না হওয়ায় পাড়া-মহল্লার সড়কে বিস্তৃত হয়। এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনে হাট বসছে ১০টি। এর মধ্যে নয়টি অস্থায়ী আর গাবতলী হাটটি স্থায়ী। দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) হাট বসেছে ১৪টি। অনুমোদিত এসব হাটের বাইরেও বিভিন্ন এলাকায় স্বল্প পরিসরে পশু বিক্রি হচ্ছে, তবে এর অধিকাংশই ব্যক্তি উদ্যোগে।

রাজধানীর বেশির ভাগ হাটই ছোট-বড় সড়কের পাশে বসানো হয়েছে। এতে হাট-সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা চলাচলে অসুবিধায় পড়ছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবারই প্রথম যাত্রাবাড়ী কাঁচাবাজারের মধ্যে কোরবানির পশুর হাট বসিয়েছে। এ হাট ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অবস্থিত। মূল হাটের পরিধি খুবই কম হওয়ায় হাটের পরিধি সড়কে বিস্তৃত হয়েছে।

এ ছাড়া দনিয়ার হাটটিও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। এ হাটের পশুও ওই মহাসড়কে চলে এসেছে। কমলাপুরে স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা নিয়ে স্থাপিত হাটটি সম্পূর্ণ সড়কের ওপর বসেছে। এ সড়ক দিয়ে সায়েদাবাদ থেকে বিভিন্ন দূরপাল্লার পরিবহন চলাচল করে। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠের হাটটির পশুও সীমানা ছাড়িয়ে বাইরে চলে আসছে।

সাদেক হোসেন খোকা মাঠের ভেতর হাট বসানোর অনুমোদন দেওয়া হলেও হাট চলে এসেছে ধোলাইখাল সড়কে। সিটি করপোরেশন ও পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তার ওপর কেন হাট বসানো হলো, জানতে চাইলে হাটের সঙ্গে সংশ্লিষ্ট একজন নাম না প্রকাশের শর্তে বলেন, প্রচুর গরু আসছে। এত গরু এই ছোট মাঠে রাখার জায়গা নেই। বাধ্য হয়ে কয়েক দিনের জন্য রাস্তায় রাখা হচ্ছে। তবে গরুর কারণে যাতে যানজট না হয়, সে জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের বেঁধে দেওয়া হাটের সীমানা নিয়ে অভিযোগ তুলেছেন ইজারাদারেরা। তাঁদের দাবি, সিটি করপোরেশন থেকে হাট বসানোর জন্য যে সীমানা বেঁধে দেওয়া হয়, তা খুবই স্বল্প। আর পশুর সরবরাহ অনুযায়ী এত স্বল্প জায়গায় সংকুলান হয় না। যে কারণে সীমানা ছাড়িয়ে হাট পাড়া-মহল্লার সড়কে বিস্তৃত হয়।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ইজারাদারদের হাটের সীমানায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাটের আয়তন ছোট হওয়ায়, শতভাগ সীমানার ভেতরে রাখা নিশ্চিত করা যায় না। ডিএসসিসির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে একটি পর্যবেক্ষক দল হাটগুলো ঘুরে দেখবে। কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের অনুমোদিত হাটের বাইরে বিভিন্ন এলাকায় স্বল্প পরিসরে কিছু পশু বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ব্যক্তি উদ্যোগে ঢাকার বাইরে থেকে কিছু গরু-ছাগল এনে পাড়া-মহল্লার পথের মোড়ে বিক্রি করছেন। কল্যাণপুর এলাকায় এমন কিছু পশু বিক্রি করছিলেন জাবেদ আলী। তিনি বলেন, গ্রামের পরিচিত কয়েকজনের কাছ থেকে গরু কিনে আনা হয়েছে। এলাকার লোকজনের কাছে এগুলো বিক্রি করা হবে।

হাটে পশু কেনাবেচার পাশাপাশি কয়েক বছর ধরেই অনলাইনে পশু কেনাবেচা বেড়েছে। বেঙ্গল মিট, বিক্রয়ডটকম, কেইমুডটকম, এখানেইডটকমের মতো প্রতিষ্ঠানগুলো কোরবানির গরু-ছাগলের হাট বসিয়েছে। পশুর ছবি, দাম, বয়স, দাঁতের সংখ্যা, ওজন, চামড়ার রং, জাত, জন্মস্থান ও প্রাপ্তিস্থানও উল্লেখ করা হচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে গ্রাহকেরা তাঁদের পছন্দমতো পশু পছন্দ করতে পারছেন।