সীমানা জটিলতায় গ্রামীণ ব্যাংক-আগারগাঁও সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি ভবনের সীমানা প্রাচীরসংক্রান্ত জটিলতায় মিরপুর গ্রামীণ ব্যাংক কার্যালয় থেকে আগারগাঁও সড়কের নির্মাণকাজ শুরু করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রায় পৌনে চার কিলোমিটার দীর্ঘ ও ৬০ ফুট চওড়া এই সড়কের জমি অধিগ্রহণ নিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি-উত্তর) সংশ্লিষ্ট কর্মকর্তারা।২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা। কিন্তু জমি অধিগ্রহণ ও সীমানাসংক্রান্ত জটিলতায় তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে কি না, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় বাড়ির মালিকেরা অভিযোগ করেছেন, মিরপুর ২ নম্বর থেকে আগারগাঁও যাওয়ার সহজ পথ হিসেবে বহু প্রতীক্ষিত ওই সড়ক নির্মাণের জন্য মাস তিনেক আগে ঢাকা জেলা প্রশাসন থেকে জমি অধিগ্রহণ করা হয়। অনেক বাড়িওয়ালা অধিগ্রহণ করা জমির মূল্যও জেলা প্রশাসন কার্যালয় থেকে বুঝে নিয়েছেন। কিন্তু ডিসিসির প্রকৌশল ও ভূসম্পত্তি বিভাগের লোকজন এসে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করে অতিরিক্ত জমি দখলের চেষ্টা করছেন।ডিসিসির পক্ষ থেকে অতিরিক্ত জমি দখল করা নিয়ে স্থানীয় দুজন বাড়ির মালিক মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। ১০ জন বাড়ির মালিক বিষয়টি জেলা প্রশাসনের কার্যালয় ও সিটি করপোরেশনের কাছে লিখিতভাবে জানিয়েছেন।স্থানীয় বাড়ির মালিক খন্দকার শহীদুল ইসলাম জানান, তাঁর বাড়ির সীমানা থেকে ১ শতাংশ জমি জেলা প্রশাসন থেকে অধিগ্রহণ করা হয়েছিল। সে অনুযায়ী ২০১০ সালে সীমানা প্রাচীরও নির্মাণ করা হয়েছিল। কিন্তু ডিসিসির লোকেরা এসে সেই সীমানা প্রাচীর ডিঙিয়ে তাঁদের আরও দেড় শতাংশ জমি বেশি দখল করতে চাইছেন। একই অভিযোগ তুলে সায়েদুল বাসার বলেন, একবার অধিগ্রহণ করে সীমানা নির্ধারণের পর তা পরিবর্তনের চেষ্টা করা অন্যায় ও অযৌক্তিক এবং সেই কাজটি করার চেষ্টা করছেন ডিসিসির কয়েকজন সম্পত্তি কর্মকর্তা।জানতে চাইলে, নির্মাণাধীন ওই সড়ক প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, জমির সীমানাসংক্রান্ত জটিলতার কারণে কয়েকটি স্থানে সড়ক নির্মাণ করা যাচ্ছে না। যাঁদের সীমানা নিয়ে অভিযোগ আছে, তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে এর মীমাংসা করা হবে।