নদীর জায়গায় স্থাপনা
সীমানাখুঁটিতে ‘বৈধতা’ পাচ্ছে দখল
বুড়িগঙ্গা নদী, তুরাগ নদ ও জলাশয়ের ৫৪ একরের বেশি জায়গা দখল করে বছিলা সেতুর কাছে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
আসলামুল হক বেঁচে থাকতে তাঁর দখলে থাকা নদীর জায়গা চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উল্টো নদীর সীমানা চিহ্নিত করতে গিয়ে কয়েক দফা বাধার মুখে পড়তে হয় সরকারি এই সংস্থাকে। তাঁর মৃত্যুর পর দখলকৃত জায়গা বাদ দিয়েই বিআইডব্লিউটিএ সেখানে সীমানাখুঁটি বসাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্য দিয়ে নদী দখলকে বৈধতা দেওয়া হচ্ছে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা।
জাতীয় নদী রক্ষা কমিশন, ঢাকা জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএসহ সরকারের আটটি সংস্থা যৌথ জরিপ করে বলেছিল, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদ ও জলাশয়ের ৫৪ একরের বেশি জায়গা দখল করে অর্থনৈতিক অঞ্চল এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছেন আসলামুল হক। রাজধানীর মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী সেতু (বছিলা সেতু নামে পরিচিত) পার হলেই ডান পাশে নদীর তীর ঘেঁষে ঢাকা-১৪ আসনের প্রয়াত সাংসদ আসলামুল হকের ‘আরিশা প্রাইভেট ইকোনমিক জোন’ ও ‘মায়িশা গ্রুপের পাওয়ার প্ল্যান্ট’। এসব স্থাপনা উচ্ছেদের সুপারিশ করেছিল নদী রক্ষা কমিশন।
এখন বিআইডব্লিউটিএ নদীর জায়গা চিহ্নিত না করে এককভাবে কেন সীমানাখুঁটি বসাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নদী বিশেষজ্ঞরা। এ বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এককভাবে বিআইডব্লিউটিএ সেখানে নদীর সীমানাখুঁটি বসাতে পারে না। তারা অন্যায় করছে। হাইকোর্টের রায়ের পরিপন্থী কাজ করছে। এখানে কোনো যোগসাজশ আছে বলে মনে হয়। অথবা তারা প্রভাবিত হয়েছে।’
মুজিবুর রহমান হাওলাদার বলেন, আসলামুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন সংস্থাকে নিয়ে তখন নদীর জায়গা নির্ধারণ করা হয়। এখন সেখানে খুঁটি বসাতে গেলে সবাইকে নিয়েই কাজটি করতে হবে। তা না হলে আবার জটিলতা হতে পারে।
এককভাবে বিআইডব্লিউটিএ সেখানে নদীর সীমানাখুঁটি বসাতে পারে না। তারা অন্যায় করছে। এখানে কোনো যোগসাজশ আছে বলে মনে হয়। অথবা তারা প্রভাবিত হয়েছে।মুজিবুর রহমান হাওলাদার সাবেক চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন
তুরাগ ও বুড়িগঙ্গার সংযোগস্থলের পাশেই পড়েছে ঢাকা–১৪ আসনের প্রয়াত সাংসদ আসলামুল হকের (গত ৪ এপ্রিল মারা গেছেন তিনি) দখলকৃত পুরো এলাকা। কেরানীগঞ্জের ওয়াশপুর ও ঘাটারচর মৌজা এবং সাভারের শ্যামলাপুর মৌজার এই স্থাপনাকে অবৈধ চিহ্নিত করে গত বছরের মার্চ মাসে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন সাংসদ আসলাম। পরে তিনি আদালতের শরণাপন্ন হন এবং একই সঙ্গে তাঁর দখলে থাকা জমি বুড়িগঙ্গা বা তুরাগের সীমানার মধ্যে পড়েছে কি না, তা নির্ধারণ করতে যৌথ জরিপ পরিচালনার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনে আবেদন করেন। আদালতের নির্দেশ এবং আসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি, জরিপ ও পরিদর্শন শেষে জাতীয় নদী রক্ষা কমিশন নিশ্চিত হয়, ওই সব স্থাপনা অবৈধ। সরকারের আটটি সংস্থার সমন্বয়ে কমিশন জরিপ করে। জরিপে উঠে আসা ফলাফলের ভিত্তিতে গত বছরের ১১ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করে কমিশন। আর অবৈধ দখল উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার জন্য ২৩ নভেম্বর বিআইডব্লিউটিএকে চিঠি দেয় কমিশন। তখন কমিশনের চেয়ারম্যান ছিলেন মুজিবুর রহমান হাওলাদার।
মোহাম্মদপুরের বছিলা এলাকার একজন বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, এত কিছুর পরও আসলামুল হকের হাত থেকে নদীর জায়গা উচ্ছেদ হলো না।
নদী রক্ষা কমিশনের প্রতিবেদন অনুযায়ী, আসলামুল হকের দখল করা জায়গার মধ্যে বুড়িগঙ্গা ও তুরাগতীর এবং বন্দরের সীমার জমি প্রায় ৮ একর, নদীর জমি প্রায় ১৩ একর। বাকি জমি ড্যাপের আওতাভুক্ত।
গত শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, বিআইডব্লিউটিএর নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা সীমানাখুঁটি বসানোর কাজ করছেন। তাঁদের কাজ পাশে থেকে দেখছিলের আসলামুল হকের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রের তিনজন কর্মী। তাঁদের মধ্যে একজন প্রথম আলোকে বলেন, সপ্তাহখানেক ধরে সীমানাখুঁটি বসানোর কাজ চলছে। বিদ্যুৎকেন্দ্রের দূরেই খুঁটি বসছে।
নদী রক্ষা কমিশনসহ অন্য সংস্থাগুলোকে বাদ দিয়ে নদীর জায়গায় সীমানাখুঁটি বসানোর অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক প্রথম আলোকে বলেন, ‘আমরা তো নদী রক্ষা কমিশনের অধীনে কাজ করি না। আমরা নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে কাজ করি।’ তিনি বলেন, ‘আমরা আগে দেখেছি এখানে কোনো মামলা আছে কি না, কোনো সমস্যা আছে কি না, যেহেতু এখন আর নেই তাই সীমানাখুঁটি বসানোর কাজ করছি।’
সীমানাখুঁটি বসানোর আগে নদীর যে জায়গা আসলামুল হকের দখলে তা চিহ্নিত করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, ‘এটা নদী রক্ষা কমিশনের ব্যাপার, এটা তারা বুঝবে। আমাদের দায়িত্ব সীমানাখুঁটি বসিয়ে দেওয়া, কারণ প্রকল্পটা তাড়াতাড়ি শেষ করতে হবে। যেহেতু এখন আইনগত কোনো বাধ্যবাধকতা নেই তাই আমরা সীমানাখুঁটিগুলো বসাচ্ছি।’
উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ের নির্দেশনায় নদী রক্ষা কমিশন দেশের সব নদ-নদীর আইনগত অভিভাবক।
বিআইডব্লিউটিএর একটি সূত্র বলছে, আসলামুল হক মারা যাওয়ার এক সপ্তাহ আগে কীভাবে সীমানা পিলার বসবে, তা ঠিক করে গেছেন। এই কাজ করতে গিয়ে যাকে যেভাবে ম্যানেজ করতে হয় করেছেন। এখন সেভাবেই কাজ হচ্ছে। এ জন্য এত কিছুর পর কাগজে–কলমে সীমানা চিহ্নিত করা হলেও বাস্তবে সীমানা চিহ্নিত করা হয়নি।
বিআইডব্লিউটিএর জরিপ দলের একাধিক সদস্য নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, আসলামুল হকের স্থাপনায় অভিযান চালাতে গিয়ে যে পরিমাণ জটিলতার মধ্যে তাঁরা পড়েছেন, ঢাকার চারপাশের নদ-নদীর তীরে অভিযান চালাতে গিয়ে অন্য কোথাও এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। সর্বশেষ আটটি সংস্থার সমন্বয়ে যৌথ জরিপ হলো। অথচ বিআইডব্লিউটিএ জমির বাস্তব সীমানা চিহ্নিত না করে একক সিদ্ধান্তে সীমানাখুঁটি বসাচ্ছে।
ঢাকার চারপাশের নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালে বড় পরিসরে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযান চলাকালে যাঁরা নদীর জায়গা উচ্ছেদে সক্রিয় ছিলেন সেসব কর্মকর্তার অনেককে বদলি করে দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাকে সরানোর পেছনেও আসলামের জায়গা রক্ষার জন্য যাঁরা কাজ করছেন তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে আলোচনা আছে।
উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাস থেকে ঢাকার চারপাশের নদ-নদীর তীরে স্থায়ী সীমানাখুঁটি বসাতে ৮৪৮ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়। বারবার যাতে নদীর জায়গা দখল না হয় এ জন্য ওই প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে সীমানাখুঁটি বসানোসহ নদ-নদীর তীরে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়। এ কাজ এখনো চলছে। এই প্রকল্পের অধীনেই আসলামের জায়গায় সীমানাখুঁটি বসানো হচ্ছে।
আসলামের স্থাপনাসংলগ্ন এলাকায় সীমানাখুঁটি বসানোর বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশন অবগত কি না, এমন প্রশ্নে কমিশনের বর্তমান চেয়ারম্যান এ এস এম আলী কবীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের কনসার্ন নেয়নি বলেই আমি জানি।’