সীমান্তে শিশুহত্যা বন্ধসহ কয়েকটি দাবি শিশুদের
সীমান্তে শিশুহত্যা বন্ধে সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে শিশুরা। এ ছাড়া সীমান্তে মাদক চোরাচালান ও শিশু পাচার, রোহিঙ্গা শিশুদের বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন ইত্যাদি বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে শিশুরা। গতকাল শনিবার সকালে রাজধানীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশনে শিশুরা বলেছে, শুধু শিশুবান্ধব প্রজ্ঞাপন জারি করলেই চলবে না, আইনের যথার্থ প্রয়োগ করতে হবে।সীমান্তবর্তী জেলা মেহেরপুরের শিশু শামস শাহরিয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে উদ্দেশ করে বলে, ‘কোনটি সীমান্ত আর কোনটি নো-ম্যানস ল্যান্ড শিশুরা সেটা সব সময় বুঝে উঠতে পারে না। দেখা গেছে, শিশুরা সাঁতার কাটতে কাটতে বা খেলতে খেলতে নো-ম্যান্স ল্যান্ডে চলে গেছে। প্রায়ই এসব শিশুর ওপর গুলিবর্ষণ করা হয়। সরকার কি শিশু রক্ষার ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না?’উত্তরে দীপু মনি বলেন, ‘আমরা ভারত সরকারকে বলেছি তারা যেন সীমান্তরক্ষী বাহিনীকে সীমান্তে গুলিবর্ষণ না করার নির্দেশ দেয়। গত চার বছরে মৃত্যুর হার কমে এসেছে অনেকটা। আমরা সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই।’সিলেটের শিশু জান্নাত তাসনুভা চৌধুরী বলে, সরকার দাবি করছে ৯৮ শতাংশ শিশুর জন্মনিবন্ধন করা হয়েছে। কিন্তু পত্র-পত্রিকার প্রতিবেদন ও অন্যান্য গবেষণায় দেখা গেছে দুর্গম এলাকার বহু শিশু জন্মনিবন্ধন থেকে বাদ পড়ে গেছে। পিরোজপুরের শিশু আহসান খান জানায়, বগুড়ার বুড়িগঞ্জ এলাকায় হেলিকপ্টারে করে একজন বর এসে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করে নিয়ে যান। ওই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিশুরা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা না পাওয়া, সহিংসতার শিকার হয়ে মৃত্যু, যৌন হয়রানি, মাদকসেবন ও সরবরাহে যুক্ত হওয়া, স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের কারণে লেখাপড়ার ক্ষতি হওয়ার বিষয়গুলো তুলে ধরে। দীপু মনি বলেন, দেশে সম্পদের অপ্রতুলতা আছে, তবুও তাঁরা শিশু অধিকার রক্ষায় কাজ করছেন।চাইল্ড পার্লামেন্ট শিশুদের একটি জাতীয় প্লাটফর্ম, এটি সেভ দ্য চিলড্রেনের সহায়তায় পরিচালিত একটি কর্মসূচি। শিশুরা তাদের অধিকার সম্পর্কিত তথ্য জোগাড় করে সরকারি নীতিনির্ধারকদের কাছে তুলে ধরে। সারা দেশে ১৬৮ জন চাইল্ড পার্লামেন্ট সদস্য রয়েছে। এ বছরের অধিবেশনটি যৌথভাবে আয়োজন করেছে সেভ দ্য চিলড্রেন, প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন।