সুগন্ধা থেকে শাপলা মনোগ্রাম চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার (বর্তমানে ফরেন সার্ভিস একাডেমি) প্রধান ফটক থেকে জাতীয় ফুল শাপলাখচিত মনোগ্রাম ও কয়েকটি অক্ষর চুরি হয়েছে। ১০ জুলাই ভোর ছয়টার দিকে কে বা কারা মনোগ্রামটি খুলে নিয়ে যায়। রমনা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন পর্যন্ত তা উদ্ধার হয়নি।সার্বক্ষণিক পুলিশি পাহারা থাকা এ এলাকায় এমন চুরির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্মিত হয়েছেন। চুরির বিষয়টি জানিয়ে ১১ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বিষয়টি তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া চুরির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হলো, তা জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মনোগ্রামটি খোঁজা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার কম্পট্রোলার বেলাল হোসেন সাধারণ ডায়েরিটি করেছেন। এতে বলা হয়, সুগন্ধার প্রধান ফটকে রক্ষিত নামফলকের শাপলা মনোগ্রাম ও কয়েকটি অক্ষর কে বা কারা নিয়ে গেছে। কর্তব্যরত দারোয়ান মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবু জাফরকে জিজ্ঞসা করা হলে তাঁরা জানান, ঘটনার দিন বৃষ্টির কারণে তাঁরা নিরাপত্তাকক্ষের ভেতরে অবস্থান করেছিলেন। এ জন্য বাইরের মূল ফটকের দিকে খেয়াল রাখতে পারেননি। ১০ জুলাই এ ডায়েরি করা হয়।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের কাছে জানতে চাওয়া উচিত, এমন গুরুত্বপূর্ণ এলাকায় কী করে চুরি সংঘটিত হলো। তা ছাড়া এই মনোগ্রাম বেশ শক্তভাবেই লাগানো ছিল।