সুদমুক্ত লাভের কথা বলে গ্রাহকের ২০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা

গ্রাহকদের অর্থ নিয়ে পালানোর ঘটনায় শাহ সুলতান মাল্টিপারপাসের চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাবছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানের নাম শাহ সুলতান মাল্টিপারপাস। সুদমুক্ত লাভের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত তারা। শেষমেশ প্রায় ২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় শাহ সুলতান মাল্টিপারপাসের চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগের দিন শনিবার রাতে নরসিংদী সদর থানার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে কোম্পানির চেয়ারম্যান মো. শাহ আলম (৫০) ছাড়াও মো. দেলোয়ার হোসেন শিকদার (৫২), কাজী মানে উল্লাহ (৪৪), মো. সুমন মোল্লাহ (৩৩) ও হান্নান মোল্লাহকে (৩০) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব বলেছে, শাহ সুলতান মাল্টিপারপাস নামের প্রতিষ্ঠানটিতে নরসিংদী এলাকার পাঁচ থেকে ছয় হাজার লোক অর্থ বিনিয়োগ করেছিলেন। সুদমুক্ত লাভের কথা বলে ডিপিএসের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। বিনিয়োগকারীদের প্রলোভন দেখানো হয় বার্ষিক ১২ থেকে ১৬ শতাংশ মুনাফা দেওয়ার।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, কোম্পানিটি প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০২১ সালের মাঝামাঝি লাপাত্তা হয়ে যায়। তবে গ্রাহকদের তথ্যমতে, টাকার পরিমাণ আরও বেশি হতে পারে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আল মঈন বলেন, ২০১০ সালে নরসিংদী সদর থানা এলাকায় শরিয়াভিত্তিক শাহ সুলতান মাল্টিপারপাস কোম্পানি নামের ওই আর্থিক প্রতিষ্ঠান খোলা হয়। সুদমুক্ত ব্যবসার কথা বলে আমানত সংগ্রহ শুরু করে প্রতিষ্ঠানটি। গ্রেপ্তার শাহ আলম ২৪ জনের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করেন ও অতিরিক্ত ২০ জন পরিচালক নিয়োগ দেন। পরে নরসিংদীর বিভিন্ন থানায় প্রতিষ্ঠানটি শাখা খোলে।

শাহ সুলতান মাল্টিপারপাসে মাঠপর্যায়ে গ্রাহক ও অর্থ সংগ্রহের জন্য তিন শতাধিক কর্মী ছিল বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে র‍্যাব। তাঁদের কোনো বেতন দেওয়া হতো না। গ্রাহকদের বিনিয়োগের টাকার ওপর একটা অংশ দেওয়া হতো।

খন্দকার আল মঈন বলেন, করোনা মহামারির মধ্যে মানুষের টাকার প্রয়োজন হয়। তখন অনেক গ্রাহক টাকা উত্তোলনের আবেদন করেন। তবে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা দিতে গড়িমসি শুরু করে প্রতিষ্ঠানটি। একপর্যায়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।