সুনসান ইসলামপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কাপড়ের বড় পাইকারি বাজার পুরান ঢাকার ইসলামপুর। জমজমাট থাকা এই এলাকায় এখন একেবারেই ভিন্ন চিত্র। হরতালের কারণে ইসলামপুরের দোকানপাট সব বন্ধ। চিরচেনা যানজট আর ক্রেতাদের ভিড় কিছুই নেই।ঈদুল ফিতরের মাস চারেক আগে থেকেই মূলত ইসলামপুরের বেচাকেনা জমে ওঠে। সারা দেশ থেকে পাইকারেরা এখান থেকে কাপড় কিনে নিয়ে স্থানীয় পর্যায়ে বিক্রি করেন। তবে এবার একের পর এক হরতালে ক্রেতারা আসতে পারছেন না। ফলে কয়েক হাজার কাপড় ব্যবসায়ীর এখন মাথায় হাত। ইসলামপুরে হাজার পাঁচেক কাপড়ের দোকান আছে। এসব দোকানে সালোয়ার-কামিজ থেকে শুরু করে শার্ট-প্যান্ট, লুঙ্গি, শাড়ি, বিভিন্ন ধরনের থান ও গজ কাপড় পাওয়া যায়। আর এসব কাপড়ের বড় অংশই তৈরি হয় দেশীয় কারখানায়। দেশীয় কাপড়ের পাশাপাশি বিদেশি অনেক খ্যাত-অখ্যাত ব্র্যান্ডের কাপড়ও এখানে মেলে। একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেল, ইসলামপুরে প্রতিদিন গড়ে ৫০-৬০ কোটি টাকার কাপড়ের ব্যবসা হয়। তবে রমজানের আগে তা কখনো শতকোটিতে পৌঁছায়। অবশ্য সারা বছর একই হারে বিকিকিনি হয় না। ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে কিংবা চায়না, রবিন প্লাজা, লায়ন টাওয়ারসহ বিভিন্ন মার্কেটের সারি সারি কাপড়ের ছোট-বড় সব দোকান সবই বন্ধ। মার্কেটের সামনে হাত গুটিয়ে বসে আছেন শ্রমিকেরা, যাঁরা মাথায় বা ট্রলিতে করে কাপড় ওঠানো-নামানোর কাজ করেন। তেমনই একজন শ্রমিক কাশেম মিয়া বলেন, ‘কী করুম বাবা। কাম নাই। জমানু টাকা ভাইঙ্গা খাইতাছি। কিন্তু অ্যামনে কইরা আর কয় দিন চলব।’ তিনি জানান, প্রতি এক হাজার গজ কাপড় আনা-নেওয়া করলে ২৫ টাকা পান। সে হিসাবে মাসে ছয় থেকে সাত হাজার টাকা রোজগার হয়।তবে এই সুযোগে বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী দরজা জানালার পর্দা কিংবা থান কাপড় নিয়ে রাস্তার ওপর বসে গেছেন। এমনই একজন নুরুল ইসলাম। সড়কের পাশে একটি বন্ধ কাপড়ের দোকানের সামনে তিনি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। নুরুল বললেন, ‘হরতালে সব সময়ই এইহানে ব্যবসা করি। টুকটাক বেচাকিনা হয়। এখনকার লোকজনই একটু-আধটু কিনে।’ ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার ঢালী বলেন, ফেব্রুয়ারি-মার্চেই এখানকার বেচা-বিক্রির মৌসুম শুরু হয়ে যায়। কিন্তু এবার হরতালের কারণে সেটি হয়ে ওঠেনি। সবকিছু স্থবির হয়ে আছে। ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। গত মৌসুমে ব্যবসা একটু কম হয়েছে, এ কথা জানিয়ে আবদুস সাত্তার বলেন, ‘আমাদের বেশির ভাগ ক্রেতাই ঢাকার বাইরে থেকে আসেন। হরতালে গাড়ি বন্ধ থাকে। তাঁরা আসেন না। তাই আমরাও খুলি না।’সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বলেন, ‘হরতালে স্বল্প বা ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’ তিনি জানালেন, ক্ষতি পোষাতে এপ্রিল মাস থেকে ঈদের আগ পর্যন্ত প্রতি শুক্রবার ইসলামপুরের সব দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সমিতি।