সুপেয় পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে একটি সুপেয় পানি উৎপাদনকারী কারখানায় এবং পুরান ঢাকায় একটি মাংসের দোকানে অভিযান চালান। এ সময় নানা অনিয়মের অভিযোগে কারখানা ও দোকানটিকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বিএসটিআই সূত্রে জানা গেছে, রাজধানীর তোপখানা রোডের লিনুকা পিওর ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানের উৎপাদিত পানির জারে এক ক্রেতা পোকা দেখতে পান। পরে সেটি প্রমাণসহ বিএসটিআইয়ের কার্যালয়ে আসে। এ অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানে পানি বিশুদ্ধকরণের যন্ত্রপাতি থাকলেও তা ছিল অকেজো। সেখানে কোনো রসায়নবিদও ছিলেন না। এ ছাড়া কেরানীগঞ্জের ঠিকানায় সেখানে তৈরি হচ্ছিল উইনার ফ্রেশ নামের সুপেয় পানি। এসব অভিযোগে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর বিকেলে আদালত পুরান ঢাকার গোয়ালঘাট লেনের বাদশা মিয়ার মাংসের দোকানে অভিযান চালান। সেখানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মাংস কাটা এবং চামড়া ছাড়ানোর কাজ হচ্ছিল। মাংস বিক্রেতারা সিটি করপোরেশন কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। এ ছাড়া সেখানকার বাটখারায় বিএসটিআইয়ের অনুমোদনও ছিল না। এসব অভিযোগে আদালত প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। তাঁকে সহায়তা করেন বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।