সুপেয় পানি উৎপাদনের দুটি প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজধানীর শাহজাহানপুর ও আরামবাগ এলাকার দুটি সুপেয় পানি উৎপাদনের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। একটি প্রতিষ্ঠানকে আদালতের নির্দেশ অমান্য ও অপর প্রতিষ্ঠানটিকে নিজস্ব কোম্পানির বাইরে পানি উৎপাদন করার দায়ে জরিমানা ও সিলগালা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে রাজধানীর শাহজাহানপুরের সেইফ ওয়ে ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০০৯ সালের জুলাই মাসে বিএসটিআই মামলা করেছিল। তখন মুখ্য মহানগর হাকিমের আদালত ওই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছিলেন এবং বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে এবং নিজের কোম্পানি ছাড়াও অন্যান্য কোম্পানির স্টিকারযুক্ত সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়ে দেখতে পান, সেখানে কোনো পরীক্ষাগার নেই। এ ছাড়া পানি বিশুদ্ধ করার যন্ত্রও পাওয়া যায়নি। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এদিকে রাজধানীর আরামবাগ এলাকার এআর এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের উৎপাদিত পানি ‘স্বদেশ’-এর জন্য বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠান নিজস্ব ব্র্যান্ডের বাইরেও অন্যান্য কোম্পানির নামে পানি উৎপাদন ও বাজারজাত করে, এমন প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহমেদ। এ সময় বিএসটিআইয়ের কয়েকজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।