সুপেয় পানি উৎপাদনের ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা
মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে এবং জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না করে সুপেয় পানি উৎপাদনের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা রাজধানীর বাড্ডার আফতাবনগরে আবদুল্লাহ ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানে অভিযান চালান। বিএসটিআইয়ের অনুমোদনপত্র না নিয়ে পানি উত্পাদন করে তারা। জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না করেই এই পানি বাজারজাত করা হয়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এই অপরাধে বাড্ডার দক্ষিণ আনন্দনগরের ইকো ওয়াটারকে ২৫ হাজার, ডি পারফেক্ট ওয়াটার টেকনোলজিকে এক লাখ, বাড্ডার আফতাবনগরের নূরানী ফার্ম ফুড লিমিটেডকে ৫০ হাজার, ফারইস্ট ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে ৫০ হাজার, রিফাত ট্রেড ইন্টারন্যাশনালকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আফতাবনগরের মাহবুব আনোয়ার, মনিরুল ইসলাম, লিটন ও সুলতানকে সাত হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেন আদালত।একই আদালত বাড্ডার আফতাবনগরের আয়ুব হারবালে গিয়ে দেখেন, ইসুবগুলের ভূষির সঙ্গে চিটাগুড় মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল খাদ্য। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই এলাকার মহানগরী বেকারি বিএসটিআইয়ের অনুমোদনপত্র না নিয়ে রুটি, বিস্কুট, কেক তৈরি ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।বিশুদ্ধ পানি নিশ্চিত করতে রিট: বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে গতকাল রিট করেছে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আজ সোমবার এ রিটের ওপর শুনানি হবে বলে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ জানান।রিটে স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের (বিসিএসআইআর) চেয়ারম্যান, ডিসিসির মেয়র ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।প্রতিবাদ: গত ১২ মার্চ ‘সুপেয় পানি উৎপাদনের চারটি প্রতিষ্ঠানকে জরিমানা’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আল-সাফী ড্রিংকিং ওয়াটার কর্তৃপক্ষ জানায়, ভ্রাম্যমাণ আদালত তাদের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উৎপাদন-প্রক্রিয়া চালু অবস্থায় দেখেন। পরে আদালত সন্তোষ প্রকাশ করেন। প্রকাশিত সংবাদে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধের বিষয়টি সঠিক নয় বলে কর্তৃপক্ষ জানায়।