সুপেয় পানি তৈরির চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সুপেয় পানি উত্পাদন ও বাজারজাতকরণের দায়ে রাজধানীর মিরপুর ও দারুসসালাম এলাকার চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে মিরপুর ২ নম্বর এলাকার ঢাকা ফুড অ্যান্ড বেভারেজ নামের পানি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সুপেয় পানি উত্পাদন করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত মিরপুর ১ নম্বর এলাকার লিচু ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। এটিও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানি উত্পাদন ও বাজারজাত করে আসছিল। আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর আদালত দারুসসালাম এলাকার হিমেল ড্রিকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। সেটিও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সুপেয় পানি উত্পাদন ও বাজারজাত করছিল। আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। চিড়িয়াখানা রোডে অবস্থিত আরআর এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আদালত সেখানে কোনো পরীক্ষাগার ও কোনো যন্ত্রপাতি পাননি। তা ছাড়া এটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানি উত্পাদন ও বাজারজাত করে আসছিল। আদালত আরআর এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেন।পরে আদালত চিড়িয়াখানা রোডের আল সাফি ড্রিংকিং ওয়াটার, স্মার্ট পিওর ড্রিংকিং ওয়াটার এবং মান্নান ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে এসব প্রতিষ্ঠান উত্পাদন বন্ধ রাখে। এ কারণে এদের জরিমানা করা সম্ভব হয়নি।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানগুলোর বিএসটিআইয়ের অনুমোদন ছিল না। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো মানসম্মত পরিবেশে এবং সঠিক উপায়ে পানি উত্পাদন করেনি। পানি জারে ভরার আগে তা জীবাণুমুক্ত করতে হয়। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।গতকাল ভেজালবিরোধী এ অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ খান ও র্যাব ৪-এর একটি দল।