বিএসটিআইয়ের ভুয়া লাইসেন্স নিয়ে সুপেয় পানি উৎপাদন ও বাজারজাতকরণ, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা চালানো এবং প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ব্যবহার না করায় ছয়টি সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানকে গতকাল সোমবার জরিমানা করেছেন র্যাবের ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খাবার যথাযথভাবে সংরক্ষণ না করায় ভ্রাম্যমাণ আদালত পুরোনো ঢাকার দুটি হোটেলকে জরিমানা করেছেন।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তর গোড়ানের দ্য ক্লিন ওয়াটার নামের একটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। ওই কারখানার মালিক বিএসটিআইয়ের ভুয়া লাইসেন্স ব্যবহার করে পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন। এই অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত খিলগাঁওয়ের উজালা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই এলাকার কোয়েল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নামের প্রতিষ্ঠানকে জরিমানা করেন ৫০ হাজার টাকা।আদালত মেরাদিয়ার মেসার্স হায়াত করপোরেশন নামে অন্য একটি সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেন। একই এলাকার সি মার্কস ইন্ডাস্ট্রিজে অভিযান চালান। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সুপেয় পানি তৈরি করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে আদালত দক্ষিণ বনশ্রীর এ এইচ কে ফুড প্রোডাক্টস নামের সুপেয় পানির কারখানায় অভিযান চালান। সেখানেও লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত মেরাদিয়ার পামীর গ্রুপে অভিযান চালান। সেখানকার পণ্যের গায়ে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না লেখায় আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।হোটেল ও মেলামাইন ইন্ডাস্ট্রিজকে জরিমানা: নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খাবার ঢেকে না রাখা এবং রুটি তৈরিতে মানহীন সোডা ব্যবহার করায় বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দলের সমন্বয়ে গড়া ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত বিসিসি রোডের জহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। অন্য একটি ভ্রাম্যমাণ আদালত নাজিমউদ্দীন রোডের নীরব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করায় হোটেলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এদিকে অন্য একটি আদালত রাজধানীর শ্যামপুরের সাহারা মেলামাইন ইন্ডাস্ট্রিজে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে মেলামাইন পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে আদালত ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে একই এলাকার বিসমিল্লাহ রোলিং মিলস নামের প্রতিষ্ঠানে যান। সেখানেও বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে রড উৎপাদন ও বাজারজাত করার অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।ইজারার বাড়ি ভাঙার অপরাধে: অর্পিত সম্পত্তির বাড়ি ইজারা নিয়ে অনুমোদন ছাড়াই ভাঙা ও নির্মাণকাজ শুরু করায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার মোহাম্মদ মোহর নামের একজনকে আটক করেছেন। আদালত বাড়ি ভাঙা ও নির্মাণকাজও বন্ধ করে দেন। তবে মোহর দাবি করেছেন, ওই বাড়ি তাঁর এক আত্মীয়ের কেনা সম্পত্তি।জানা গেছে, পুরান ঢাকার ২৮ বনগ্রাম লেনের ২৮ শতাংশ জমির ওপর থাকা অর্পিত সম্পত্তির এ বাড়িটি ইজারা নিয়েছিলেন মিজানুর রহমান। প্রতিবছর এই ইজারা নবায়নের নিয়ম থাকলেও মিজানুরের মৃত্যুর পর ওই সম্পত্তি আর নবায়ন করা হয়নি, বরং বাড়িটি ভেঙে নতুন ভবনের নির্মাণকাজ চলছে।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বাধীন আদালত আটক মোহরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়ার পর একজন আইনজীবীর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র না দেখানো পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।