সুপেয় পানি তৈরির তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার রাজধানীর কাফরুল এলাকায় সুপেয় পানি তৈরির তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। অপর একটি আদালত জরিমানা করেছেন নারায়ণগঞ্জের খানপুর এলাকার তিনটি ভোগ্যপণ্যের প্রতিষ্ঠান ও ১৩ খুচরা ব্যবসায়ীকে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ভাসানটেক দেওয়ানপাড়া ঝিলপাড়ে সাবিল ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে সুপেয় পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল এই প্রতিষ্ঠানটি। তাদের ওয়াসার ছাড়পত্রও ছিল না। এ কারণে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে আদালত ইব্রাহিমপুর এলাকার মার্শা ট্রেড ইন্টারন্যাশনাল নামের অন্য একটি সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স নিলেও জারে পানি ভরার আগে জারগুলো জীবাণুমুক্ত করেনি। এ ছাড়া একটির নামে লাইসেন্স গ্রহণ করে আরও দু-একটি কোম্পানির পানি বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত পরে কাফরুল থানার সেনপাড়া এলাকার সুপার আল-মদিনা নামে সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠানটিও পানি ভরার আগে জারগুলো জীবাণুমুক্ত করেনি। এ ছাড়া সেখানে আরও কয়েকটি কোম্পানির নামে পানি সরবরাহ করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২২ হাজার টাকা জরিমানা করেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেছে। অপর তিনটির দুটির লাইসেন্স ছিল। কিন্তু পানিগুলো জারে ভরার আগে জীবাণুমুক্ত করা হয়নি। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানের একটিতেও রসায়নবিদ ছিলেন না। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা আসিফ খান, ঢাকা সিটি করপোরেশনের সেনিটারি পরিদর্শক হারুন উর রশিদ ও র‌্যাব-৪-এর একটি দল। আদালত খানপুর হাসপাতাল মার্কেটের সততা ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালান। সেখানে সিলবিহীন বাটখারা, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য না লেখায় আদালত প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত খানপুর বাজারের মমতাজ ফুডে অভিযান চালান। প্রতিষ্ঠানটি সিলবিহীন বাটখারা ব্যবহার ও পণ্যের গায়ের উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদালত খানপুর বাজারে অভিযান চালিয়ে সিলবিহীন বাটখারা ব্যবহার ও ওজনে কম দেওয়ার অপরাধে ১৩ জন খুচরা ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেন।