সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে। মাঝে বিরতি দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট লইয়ার্স ফোরাম (আইএলএফ) থেকে পাঁচজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।আওয়ামী লীগ-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এস এম আবুল হোসেন এবং বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে এম বদরুদ্দোজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে জাকির হোসেন এবং আইএলএফ থেকে সম্পাদক পদে মো. শাহজাহান নির্বাচন করছেন।আবদুল বাসেত মজুমদার বলেছেন, তিনি নির্বাচিত হলে বার ও বেঞ্চের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। আইনজীবীদের সব সমস্যার সমাধান করা হবে। বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, সরকার ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধিরা যদি একই দলের হন, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ও যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগের পক্ষে কথা বলার কেউ থাকবে না।নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর-রশিদ প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে। মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে। তিনি জানান, এবার মোট ভোটারের সংখ্যা দুই হাজার ৩১৮ জন।