সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন (২০১৩-১৪) আজ বুধবার সকাল ১০টায় শুরু হবে। আগামীকাল ভোট গ্রহণ শেষ হবে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচ পর্যন্ত ভোট গ্রহণ চলবে।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট-সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেল (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম বুদু নির্বাচন করছেন।অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচন করছেন।নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ জন প্রার্থী ও স্বতন্ত্রভাবে ছয়সহ মোট ৩৪ জন অংশ নিচ্ছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে প্রার্থী হয়েছেন নাজমুল হুদা ও মো. ইউনূস আলী আকন্দ।এদিকে আবদুল বাসেত মজুমদারের নেতৃত্বাধীন সাদা প্যানেলকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু। গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে মতিন খসরুর নেতৃত্বে সমন্বয় পরিষদ থেকে আলাদা একটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। পরে আবদুল বাসেত মজুমদারের সমর্থনে ওই প্যানেল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আবদুল মতিন খসরু গতকাল সাংবাদিকদের বলেন, ‘জাতির এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বিভাজনের সুযোগ নেই। ঐক্যের স্বার্থে স্বেচ্ছায় আমার নেতৃত্বাধীন প্যানেল ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। নির্বাচনে প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলকে ভোট প্রদানসহ সর্বাত্মক সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’এ সময় উপস্থিত আবদুল বাসেত মজুমদার বলেন, ‘আমাদের মধ্যে যে সামান্য বিভাজন ছিল, সেটা দূরীভূত হয়েছে। আবদুল মতিন খসরুসহ সবাই সর্বাত্মক সহযোগিতা করছেন। আশা করি, আমরা জয়ী হব।’একইভাবে নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী এ জে মোহাম্মদ আলীও নির্বাচনে জয়ের ব্যপারে আশাবাদী বলে জানিয়েছেন। নির্বাচন উপকমিটির আহবায়ক মো. নুর হোসেন চৌধুরী বলেন, এবার মোট ভোটার চার হাজার ৪৫ জন।