প্রতিবন্ধীরা বিচার পাওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক, তথ্যগত ও আচরণগত বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা চলাফেরার প্রতিবন্ধকতা। অথচ প্রতিবন্ধী-বিষয়ক জাতিসংঘ সনদ ও দেশের আইনে এসব বাধা চিহ্নিত করে তা দূর করার কথা বলা হয়েছে।প্রতিবন্ধীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশের সর্বোচ্চ আদালত থেকে বাধা দূর করতে আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ৭ জানুয়ারি প্রধান বিচারপতির বরাবরে একটি চিঠি দিয়েছেন। গতকাল সোমবার আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান বিচারপতির বরাবরে পাঠানো চিঠিতে ঢাকা বিল্ডিং কনস্ট্রাকশন রেগুলেশন-২০০৮-এ র্যাম্পসহ বিভিন্ন বিষয়ের মানদণ্ড অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন আইনজীবী সারা হোসেন, কাজী মইনুল হোসেন, এ বি এম সিদ্দিকুর রহমান খান, ব্র্যাকের উপপরিচালক ফসটিনা পেরেরা, ব্লাস্টের উপপরিচালক ফরিদা ইয়াসমীন, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ফজলুল হক প্রমুখ।