সুপ্রিম কোর্টে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রধান বিচারপতির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট ভবনে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। গতকাল মঙ্গলবার আইনজীবী, মানবাধিকারকর্মী এবং আইন সহায়তা প্রদানকারী সংগঠনের সঙ্গে আলোচনার সময় প্রধান বিচারপতি এ নির্দেশ দেন। তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতি সুপ্রিম কোর্টের কর্মচারীদের অবশ্যই সংবেদনশীল আচরণ করতে হবে। এ ব্যাপারে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেন তিনি। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ভবনে প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে র্যাম্প স্থাপনেরও নির্দেশ দেন। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত্কালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, প্রতিবন্ধীরা রাজনৈতিকভাবে ক্ষমতাহীন এবং সমাজের অন্যতম প্রান্তিক গোষ্ঠী। বিচার পাওয়ার ক্ষেত্রে তাঁরা প্রাতিষ্ঠানিক, তথ্যগত ও আচরণগত বিভিন্ন বাধার সম্মুখীন হন। এর মধ্যে চলাফেরার প্রতিবন্ধকতা অন্যতম। বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠানামা, ফুটপাতে চলাফেরা এবং যানবাহনে চলাচলের ক্ষেত্রে তাঁরা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিবন্ধীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত বাধাগুলো দূর করার অনুরোধ জানান তাঁরা। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক মহসিন আলী খান, আইনজীবী সারা হোসেন, ব্র্যাকের পরিচালক (হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল সার্ভিস) ফসটিনা পেরেরা, ন্যাশনাল কাউন্সিল অব ডিজঅ্যাবল্ড ওমেনের (এনসিডিডব্লিউ) সমন্বয়ক ফিরোজা খাতুন, রুহুল কুদ্দুস, মোশাররফ হোসেন ও খোন্দকার শাহরিয়ার সাকির। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বিজ্ঞপ্তি।