সুপ্রিম কোর্টে ভুয়া সাব-জজ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টে এসে নিজেকে সাব-জজ হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি। হত্যা মামলার তদবিরের জন্য ফায়েজুর রহমান নিজেকে দিনাজপুরের সাব-জজ হিসেবে পরিচয় দেন। গতকাল রোববার দুপুরে প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তার অফিসরুমে এ ঘটনা ঘটে। বিকেলে তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ ব্যাপারে সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম আতোয়ার রহমান প্রথম আলোকে বলেন, ফায়েজুর রহমান নিজেকে ভুয়া সাব-জজ হিসেবে পরিচয় দেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।বিকেল সোয়া চারটায় ভুয়া সাব-জজ পরিচয়ে ফায়েজুর রহমানের প্রতারণার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অবহিত করে চিঠি দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ রিডার মো. মোশাররফ হোসেন। এতে বলা হয়, ৫ মে দুপুর ১২টায় ফায়েজুর রহমান নিজেকে দিনাজপুরের সাব-জজ পরিচয় দিয়ে একটি হত্যা মামলার তদবিরের জন্য হাইকোর্ট বিভাগের অস্থায়ী এক বিচারকের চেম্বারে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই বিচারকের অধীনে তিনি কাজ করেছেন বলেও জানান। কিন্তু ওই বিচারকের চেম্বারের সঠিক অবস্থান না জানা এবং মামলাসংক্রান্ত বিষয়ে কোনো বিচারক সহযোগিতা করেন না বলে তাঁকে (ফায়েজুর রহমান) জানিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য বলা হলে ওই দিন তিনি অফিসরুম ত্যাগ করেন।তিন দিন পর গতকালের ঘটনা সম্পর্কে চিঠিতে বলা হয়, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তার অফিসরুমে প্রবেশ করে পূর্ববর্তী দিনের প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে থাকেন ফায়েজুর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে জানানো হয়।মিথ্যা পরিচয় দেওয়ার বিষয়ে ফায়েজুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি ক্যাপিটাল গ্রুপে চাকরি করেন এবং ধানমন্ডিতে থাকেন। জজ না হয়েও সাব-জজ পরিচয় দেওয়া অপরাধ হয়েছে বলেও স্বীকার করেন তিনি।