সুপ্রিম কোর্টে মামলা নিবন্ধনে ই-রেজিস্টারিং পদ্ধতি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে ও তদারকি বাড়তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই-রেজিস্টারিং (ইলেকট্রনিক নিবন্ধন) পদ্ধতি চালু করেছে সুপ্রিম কোর্ট। প্রচলিত লিখিত ব্যবস্থার পাশাপাশি এখন থেকে সুপ্রিম কোর্টে দাখিল করা সব মামলার যাবতীয় তথ্য ইলেকট্রনিক রেজিস্টারে অ্যান্ট্রি করা হবে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ ও দীর্ঘসূত্রতা কমানোই এই নিবন্ধন কার্যক্রমের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।গতকাল শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ই-রেজিস্টারিং পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, লিখিত নিবন্ধন-প্রক্রিয়ার পাশাপাশি এখন থেকে মামলা নিবন্ধনের ক্ষেত্রে ই-রেজিস্টারিং প্রক্রিয়া চালু হলো। মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে ও তদারকি বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারপ্রার্থীরা নিজ এলাকায় থেকেই মামলার অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে।ই-রেজিস্টারিং পদ্ধতি সম্পর্কে বিশেষ কর্মকর্তা ফউজুল করিম বলেন, এখন থেকে সুপ্রিম কোর্টে দাখিল করা সব মামলার যাবতীয় তথ্য ইলেকট্রনিক রেজিস্টারে অ্যান্ট্রি করা হবে। তবে লিখে রাখার পদ্ধতিও চালু থাকবে। আগামী বছর সারা দেশের জেলা ও দায়রা জজ আদালতগুলোকেও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের লিংকে সংযুক্ত করা হবে।প্রজেক্টরে সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইট www.supremecourt.gov.bd তুলে ধরে সিস্টেম এনালিস্ট কাজী পারভেজ আনোয়ার বলেন, এ ঠিকানায় আপিল ও হাইকোর্ট বিভাগের মামলার দৈনন্দিন কার্যতালিকা, বিচারপতিদের তথ্য, গুরুত্বপূর্ণ মামলার রায়ের অনুলিপিসহ বিভিন্ন বিষয় দেখার সুযোগ রয়েছে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্যও ডাউনলোড করা যাবে। ছাপা আকারের কার্যতালিকা দেখতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন থেকেই আগের দিন বিকেলেই কার্যতালিকা দেখা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত হাইকোর্ট বিভাগে ১৫৯টি মামলার তথ্য ই-রেজিস্টারিং হয়েছে।এ সময় হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হোসনে আরা আকতার, ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা, শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাপোর্ট টু আইসিটি টাস্ক ফোর্স প্রোগ্রামের (এসআইসিটি) আওতায় বেস লিমিটেড সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কারিগরি সহযোগিতা দিয়েছে। ২০০৯ সালে ছয় মাস মেয়াদি এই কার্যক্রম শুরু হলেও পরে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।