সুফলের সঙ্গে ভোগান্তিও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদ–সংলগ্ন আবাসিক এলাকার সড়কের পাশে পয়োনালা নির্মাণের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গতকাল ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম
খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদ–সংলগ্ন আবাসিক এলাকার সড়কের পাশে পয়োনালা নির্মাণের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গতকাল ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম

সিটি করপোরেশন নির্বাচন হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে মিটেছে। বেহাল সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর কার্যক্রম প্রায় শেষের পথে। তবে ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখলমুক্ত হয়নি। কয়েকটি জায়গায় আছে বিশুদ্ধ পানির সংকট।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৩ নম্বর ওয়ার্ডের বর্তমান চিত্র এমনটাই।

৪২ হাজার ভোটারের এই ওয়ার্ডের জনসংখ্যা দেড় লাখের বেশি। ওয়ার্ডের আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে খিলগাঁও বি জোন, পূর্ব হাজীপাড়া, মালিবাগ, মালিবাগ চৌধুরীপাড়া ও মালিবাগ বাজার, তালতলা, মৌলবীর টেক, রিয়াজবাগ এবং নতুনবাগ।

গতকাল রোববার বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় অনেকে ওয়ার্ডের উন্নয়নকাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে পূর্ব হাজীপাড়ার পানি সংকট, জলাবদ্ধতা ও বেহাল সড়কের ব্যাপারে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। এ ছাড়া মালিবাগ চৌধুরীপাড়ার মাটির মসজিদ–সংলগ্ন সড়কে উন্নয়নকাজের দীর্ঘসূত্রতার কারণে ভোগান্তির কথা বলেছেন কেউ কেউ।

পূর্ব হাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ পারভেজ জলাবদ্ধতার সমস্যার কথা জানিয়ে বলেন, অল্প বৃষ্টিতেই খানাখন্দে ভরা রাস্তাগুলোতে পানি জমে যায়। ওয়াসার পানিতে দুর্গন্ধ। ওয়ার্ডের অন্য এলাকাগুলোতে ভালো কাজ হলেও দুই বছরে এখানে কোনো কাজই হয়নি।

মালিবাগ চৌধুরীপাড়ার মাটির মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, মসজিদ–সংলগ্ন আবাসিক এলাকার মূল সড়কে পয়োনালা নির্মাণের কাজ চলছে। সেখানকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এমনিতে এই রাস্তাটির অবস্থা খুব খারাপ। তার ওপর কয়েক মাস ধরে স্যুয়ারেজ লাইনের কাজ চলার জন্য ঘর থেকে বের হওয়াটাই কঠিন হয়ে পড়েছে। যেভাবে কাজ এগোচ্ছে তাতে কবে এটা শেষ হবে তাও বোঝা যাচ্ছে না।

ওয়ার্ডের অন্য এলাকাগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ মূল সড়ক ও গলিপথ সংস্কারের আওতায় আনা হয়েছে। ঢেলে সাজানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। তবে নতুনবাগ এলাকার একাংশে এখন পর্যন্ত কোনো নালা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মোজাম্মেল হোসেন নামের এক বাসিন্দা। তালতলা বি ব্লকের এক দরজি দোকানি জানালেন, দুই দিন আগেও এলাকার লোকজন পানির তীব্র সংকটে ছিলেন। এখন তা মিটেছে।

সরেজমিনে দেখা যায়, মালিবাগ বাজার, চৌধুরীপাড়া, হাজীপাড়া বউবাজার ও তালতলা বাজার এলাকার ফুটপাতগুলো এখনো দখলমুক্ত হয়নি।

ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, এখানে জনসংখ্যার অনুপাতে সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। দেড় লাখ বাসিন্দার এই ওয়ার্ডে একটামাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কোনো খেলার মাঠ নেই। তালতলা এলাকায় একটা কমিউনিটি সেন্টার থাকলেও সেটা র‍্যাব-৩–এর কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বাসিন্দাদের অভিমত, ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের সমস্যা প্রকট থাকলেও বর্তমানে তা কিছুটা কম। এ বিষয়ে প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি চৌধুরীপাড়ার কিছু অংশ ও সাউথ পয়েন্ট স্কুলের সামনের এলাকায় জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া এলাকার নিরপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। তাঁরা বলেন, প্রায় প্রতিটি মোড়ে ক্লোজড সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরা বসানো হয়েছে। এলকায় অপরাধমূলক কর্মকাণ্ড কম।