সুফিয়া আহমেদ ও আহমদ রফিককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ও আহমদ রফিককে সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা।
গতকাল বৃহস্পতিবার পলাশীতে সংগ্রহশালা প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই বরেণ্য ভাষাসৈনিককে সম্মাননা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে জাদুঘর ও সংগ্রহশালা চত্বরে চার দিনব্যাপী ভাষা আন্দোলনভিত্তিক বই, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এ ছাড়া ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সম্মাননা নেওয়ার পর সুফিয়া আহমেদ বলেন, ‘ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, কিন্তু এই প্রাপ্তির মধ্যেও বেদনাবোধ আছে। যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছি, তা আজও প্রতিষ্ঠিত হয়নি। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি।’
ভাষাসৈনিক আহমদ রফিক বলেন, ‘আমি ইংরেজির বিরোধী নই। আমি বলছি না যে ইংরেজি শেখা যাবে না। তবে তা কখনোই বাংলাকে বাদ দিয়ে নয়। ঔপনিবেশিক আমল থেকেই আমরা মাতৃভাষাকে অবজ্ঞা করতে শুরু করেছি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’
সম্মাননা হিসেবে ভাষাসৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংগ্রহশালার পরিচালক অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন।