সুবিচার পাওয়া নিয়ে উদ্বেগে ব্যবসায়ী কল্লোলের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় আহত হওয়া ব্যবসায়ী নাসিরুল হক কল্লোলের কথিত ভুল চিকিৎসায় মৃত্যুর পর গ্রেপ্তার হওয়া তিন চিকিৎসকই দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় ন্যায়বিচার নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার। কল্লোলের বাবা ফজলুল হক বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানায় চার চিকিৎসককে আসামি করে মামলা করেছিলেন। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা শুক্রবার জামিন পেয়েছেন। স্বজনেরা জানান, কল্লোলের মৃত্যুর পর এখন তাঁর পরিবারের হাল ধরার মতো কেউ নেই। তাঁরা জানান, ছেলের লাশ রেখে থানায় মামলা করেছিলেন বৃদ্ধ বাবা। তারপর তাঁরা যখন মৃতের শেষকৃত্য নিয়ে ব্যস্ত, সেই সময়ের মধ্যেই জামিন পেয়ে যান অভিযুক্ত চিকিৎসকেরা। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আবু জাফর মো. মাসুদুল কবীর জানান, ওই মামলায় তিনজন চিকিৎসক আমজাদ আলী (৫৩), হাসান তারেক (৪৩) ও সৈয়দ হোসেন শহীদ আহম্মেদ আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তাঁরা আদালত থেকে জামিন পেয়েছেন। অন্য অভিযুক্ত সাফাত লতিফ পলাতক। তাঁকে খোঁজা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় হাতে আঘাত পেয়ে লালমাটিয়ার ইস্টার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্যবসায়ী কল্লোল। তিনি সেখান থেকে বের হন লাশ হয়ে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।