উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষায় মাল্টিগ্রেড শিখন পদ্ধতিতে সুবিধাবঞ্চিত স্কুলবহির্ভূত শিশুদের শিক্ষার মূল স্রোতে আনা সম্ভব। কেননা, এই পদ্ধতিতে পাঠ্যক্রম ও শিখন-শিক্ষণ উপকরণ অত্যন্ত নমনীয়। এটি ব্যয়সাশ্রয়ী হওয়ায় দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।গতকাল মঙ্গলবার নগরের মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষায় মাল্টিগ্রেড অ্যাপ্রোচ: রস্ক ও ইউনিক প্রকল্পের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের ইউনিক প্রকল্প ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রস্ক প্রকল্প এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে জানানো হয়, মাল্টিগ্রেড অ্যাপ্রোচ হচ্ছে একই শ্রেণীকক্ষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ পরিক্রমার একটি ব্যবস্থা। সেমিনারে সভাপতিত্ব করেন রস্ক প্রকল্পের প্রকল্প পরিচালক আতাউল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবদুর রউফ চৌধুরী। রস্ক প্রকল্পের পরামর্শক আ ন স হাবিবুর রহমান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ইউনিক প্রকল্পের সমন্বয়কারী গোলাম ফারুক সেমিনারে মাল্টিগ্রেড শিখন পদ্ধতির প্রয়োগ নিয়ে উপস্থাপনা করেন।সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহ্ছানুর রহমান। প্যানেল আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ উপদেষ্টা মনজুর আহমেদ, অস্ট্রেলিয়ান এইড আঞ্চলিক উপদেষ্টা জেমস জেন্নিংস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের পরামর্শক সিরাজুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন ইউএসএর শিক্ষা বিভাগের পরিচালক ম হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল এহ্সান, রস্ক প্রকল্পের সহকারী পরিচালক তাহমিনা খাতুন ও ইউনিক প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।