সুবিধাবঞ্চিতদের ৩৪ লাখ টাকা দেবেন নরওয়ের যুবরাজ
বাংলাদেশের সুবিধাবঞ্চিত কিশোরীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সংলাপ নামে একটি কর্মসূচিতে অনুদান দেবেন নরওয়ের যুবরাজ হাকন ও তাঁর স্ত্রী রাজকুমারী মেটে-ম্যারিট। নরওয়েভিত্তিক উন্নয়ন সংস্থা স্ট্রম ফাউন্ডেশন সংলাপ কর্মসূচিটি বাস্তবায়ন করছে। ৩০ আগস্ট নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অনুদানের টাকা দেওয়া হবে।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্ট্রম ফাউন্ডেশনের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজপরিবারের মানবতা তহবিল থেকে প্রায় ৩৪ লাখ টাকা অনুদান হিসাবে পাবে ফাউন্ডেশনটি। বাংলাদেশে আরও সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করছে তারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, সংলাপ কিশোরীদের জন্য একটি এক বছরের শিক্ষা কার্যক্রম। কর্মসূচিতে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাদ্য ও পুষ্টি, নিরাপদ পানি, রোগ প্রতিরোধ, শিশুর রোগ ও টিকা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এ ছাড়া মৎস্য, পশুপালন, সেলাইসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সংলাপ কোর্স শেষ হওয়ার পর কিশোরীদের সুদমুক্ত ঋণ দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশে নরওয়ে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সিরাহ্ ব্রাকহুস বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুরা সংলাপ কর্মসূচির মাধ্যমে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্ট্রম ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার জুয়েল এস দাস জানান, সংস্থাটি বর্তমানে ৩৩টি জেলায় ৩৫টি জাতীয় ও আঞ্চলিক সংগঠনের সঙ্গে কাজ করছে। প্রধানত আদিবাসী, সংখ্যালঘু, অতিদরিদ্র চা শ্রমিক, জেলে সম্প্রদায়ের মধ্যে কাজ করছে সংস্থাটি। স্ট্রম ফাউন্ডেশনের সঙ্গে যে সাতটি সংস্থা কাজ করছে, তাদের অন্যতম কোস্ট ট্রাস্ট। সংস্থাটির প্রধান নির্বাহী রেজাউল করিম বলেন, ‘নরওয়ের এই অনুদান আমাদের উৎসাহী করবে।’ কর্মসূচির কারিগরি পরামর্শক সিরাজুদ দাহার খান বলেন, ‘আমরা কিশোরীদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদের আত্ম ও সামাজিক সচেতনতার জন্যও কাজ করছি।’ সংলাপ কর্মসূচিতে উপকৃত হওয়া কিশোরী সালমা সুলতানা, মঞ্জুআরা খাতুন ও লতিফা সংবাদ সম্মেলনে তাদের অভিজ্ঞতার কথা জানায়।