সুরক্ষিত দুই ভবনে অজ্ঞাতনামা নারী এল কী করে!
ভাষানটেকের ১৪ নম্বর সড়কের ১৩ নম্বর পাঁচতলা সরকারি ভবনটিতে নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন। চারদিকে উঁচু দেয়াল, প্রধান ফটকে কড়াকড়ি নিরাপত্তা। কোনো অতিথি এলে সংশ্লিষ্ট পরিবারের অনুমতি পেলেই ওপরে যেতে দেওয়া হয়। নিবন্ধন খাতায় লিখতে হয় অতিথির নাম, যাঁর বাড়িতে যাবেন তাঁর নামসহ যাবতীয় তথ্য। এমন ভবনের ছাদে গত শনিবার মিলল এক নারীর লাশ, যাঁর পরিচয় মেলেনি এখনো। এত নিরাপত্তাব্যবস্থার ভেতরে কী করে এ নারীর লাশ ছাদে পাওয়া গেল, তার উত্তর খুঁজছে পুলিশ। লাশটি এখনো পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমঘরে।জানতে চাইলে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, গত শনিবার নৌবাহিনীর লোক নিয়ে প্রতিটি ফ্ল্যাটে গিয়ে খোঁজ করেছেন। কিন্তু কেউ নিহত নারীকে চিনতে পারেননি। ভবনে ঢোকার নিবন্ধন খাতাতেও ওই নারীসংক্রান্ত কোনো তথ্য নেই। আশপাশের বস্তিগুলোতে কেউ নিখোঁজ আছে কি না, তার সন্ধান চলছে। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, অনুসন্ধানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরাও যতবার ওই ভবনে ঢুকেছেন, ততবারই তাঁদের ফটকের নিবন্ধন খাতায় নাম লিখতে হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা ঢোকার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন করে বিষয়টি জানাচ্ছেন ভবনের বাসিন্দারা। তাই সব সময়ই তটস্থ থাকতে হচ্ছে পুলিশ কর্মকর্তাদের।মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, পুলিশ বিভিন্নভাবে ওই নারীর পরিচয় পাওয়ার চেষ্টা করছে। গতকাল মর্গ থেকে ওই নারীর হাতের ছাপ সংগ্রহ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ওই নারীর নাকে-মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রিন্টের সালোয়ার পরা আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সের ওই নারীকে দেখে নিম্নবিত্ত মনে হয়েছে। পুলিশের ধারণা, ওই নারী কোনো বাসার গৃহকর্মী হতে পারেন। তবে কেউ তাঁকে চিনতে না পারায় অবাক হয়েছেন পুলিশ কর্মকর্তারা।পরিচয় মেলেনি এমপি হোস্টেলের লাশের: এর আগে গত ২২ এপ্রিল সুরক্ষিত সংসদ ভবন চত্বরের এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লক থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। এক মাস হতে চললেও এ লাশের কোনো পরিচয়ই মেলেনি। এই মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক আজিমউদ্দীন বলেন, লাশের পরিচয় পাওয়ার জন্য নানা চেষ্টা করে বিফল হয়েছে পুলিশ। লাশের ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে। ওই লাশটিকে এখন পর্যন্ত কেউ তাঁদের স্বজন বলেও দাবি করেনি।