সুরঞ্জিত পদত্যাগ করেছেন অপদস্থ হয়ে: আমিনী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘রেলমন্ত্রী সুরঞ্জিত যদি গণতন্ত্র রক্ষার স্বার্থে পদত্যাগ করতেন, তাহলে প্রথম দিনেই করতেন। এখন পদত্যাগ করেছেন অপমান-অপদস্থ হয়ে।’ তিনি বলেন, শেখ হাসিনা ও সুরঞ্জিত সেনগুপ্ত দুজনই দেশের গণতন্ত্র এবং ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত।রাজধানীর লালবাগের জামিয়া আরাবিয়া মাদ্রাসায় গতকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে আমিনী এসব কথা বলেন। কওমি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনার বিষয়ে গঠিত কমিশন ও রেলমন্ত্রীর পদত্যাগের বিষয়ে দলের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। মুফতি আমিনী ওই ঘটনায় সুরঞ্জিতের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।কওমি মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনা ও কওমি শিক্ষার সনদের সুপারিশের জন্য সরকার গঠিত কমিশনকে প্রত্যাখ্যান করে মুফতি আমিনী বলেন, ‘কওমি শিক্ষার সনদের স্বীকৃতি দেওয়ার সময় ও ক্ষমতা এ সরকারের নেই। কারণ, এখন তাদের পতনের সময়।’ সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ তৈয়্যব, ঢাকা মহানগর সভাপতি আবুল কাশেম, প্রেস সচিব আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ উপস্থিত ছিলেন।