সুরতহালের ‘ত্রুটি’র জন্য বাদীকে তিরস্কার করলেন আদালত
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় গুলশান থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সাক্ষ্য-জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন সুরতহালের ‘ত্রুটির’ জন্য বাদীকে আদালত তিরস্কার করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন সাক্ষ্য-জেরা শেষে ৪ নভেম্বর পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম খন্দকার জেরায় বাদী মোশারফ হোসেনকে জিজ্ঞাসা করেন, সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কি না। মোশারফ হোসেন নেতিবাচক জবাব দেন। সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর প্রাথমিক কারণ উল্লেখ না থাকায় বিচারক বাদী মোশারফ হোসেনকে তিরস্কার করেন। তিনি বলেন, ‘আইন জানেন না। সুরতহালে অবশ্যই কী কারণে মৃত্যু হয়েছে তা উল্লেখ করতে হয়।’ গত বুধবার সংশ্লিষ্ট আদালত এ মামলায় অভিযোগ গঠন করেন। কারাগারে আটক সাইফুল ইসলাম, আল আমিন, আকবর আলী ও রফিকুল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়। আসামি সেলিম চৌধুরী শুরু থেকেই পলাতক আছেন। মামলার ধারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম বলেন, প্রথমে হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়। তদন্তকালে সাক্ষ্য-প্রমাণে দেখা যায়, আসামিরা ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে হত্যা করেছে। এ কারণে পরে ৩৯৬ ধারা সংযুক্ত করা হয়। বিচার আদালত দণ্ডবিধির ৩৯৬ ধারায় অভিযোগ গঠন করেছেন। গত ৫ মার্চ গুলশানে নিজ বাসার কাছে খুন হন সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী। রাস্তার পাশে তাঁর বুলেটবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। আসামি আল আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হাকিমের কাছে বলেছিলেন, সাইফুলসহ বাকি চার অভিযুক্ত খালাফকে ঘিরে ধরে এবং তাঁর কাছে ডলার চায়। খালাফ ডলার না দেওয়ায় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সাইফুল রিভলবার দিয়ে সৌদি কর্মকর্তাকে গুলি করে পালিয়ে যায়।