সুলতান মাহমুদ ও আইনুদ্দিনের নামে দুটি সড়কের নামকরণ
মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ দুই মুক্তিযোদ্ধার নামে রাজধানীর দুটি সড়কের নামকরণ করা হয়েছে। গুলশান ২-এর ৫০ নম্বর সড়কের নাম ‘বীর উত্তম সুলতান মাহমুদ সড়ক’ এবং গুলশান ২-এর ৫১ নম্বর সড়ককের নাম ‘বীর প্রতীক আইনুদ্দিন সড়ক’ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সড়ক দুটির আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।এ উপলক্ষে অনুষ্ঠিত পৃথক সমাবেশে সাদেক হোসেন বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের যে বিশাল অবদান ছিল তার স্বীকৃতি হিসেবে তাঁদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছে। এর ফলে ভবিষ্যত্ প্রজন্ম দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।এ সময় বীর উত্তম সুলতান মাহমুদ এবং বীর প্রতীক আইনুদ্দিনের পরিবারের সদস্য, স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধে কৃতিত্বের জন্য রাজধানীর বনানীর এক নম্বর সড়কের নাম ‘বীর বিক্রম জাফর ইমাম সড়ক’ এবং উত্তরা চার নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের নাম ‘বীর বিক্রম শাফায়াত জামিল সড়ক’ করা হয়েছে। সিটি মেয়র আগামী রোববার আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির নামফলক উন্মোচন করবেন। বিজ্ঞপ্তি।