তথ্য অধিকার আইন বাস্তবায়নে নানা সীমাবদ্ধতা রয়েছে। তাই এ আইন থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। সরকার ও এনজিওগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটির যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের সীমাবদ্ধতা ও করণীয়’ শীর্ষক একটি সেমিনারে আলোচকদের পর্যবেক্ষণ এটি।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাংবাদিক, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা যখন তথ্য অধিকারের কথা বলছি, সরকার তখন বিতর্কিত সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যম তথা জনগণের কণ্ঠরোধ করতে চাইছে। সংসদীয় কমিটি খসড়া নীতিমালা ফেরত পাঠিয়েছে। নীতিমালাটি মানব ইতিহাসের সবচেয়ে অগণতান্ত্রিক দলিল। যারা এটি লিখেছে, তারা শাস্তিযোগ্য অপরাধ করেছে।’সৈয়দ আবুল মকসুদ তথ্য কমিশনে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, কমিশনকে জনগণের প্রতিনিধি হতে হবে। কিন্তু কমিশনের কোনো জনসম্পৃক্ততা নেই। এর সদস্যরা মাইক ধরলে একটা-দুটো কথা বলেন। কমিশন প্রচার-প্রচারণার কাজ খুব একটা করছে না। তাদের বিচারিক ক্ষমতাও কম। সেমিনারে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের সীমাবদ্ধতা ও করণীয়’ শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। রোবায়েত ফেরদৌস বলেন, জনগণ পদ্মা সেতু নির্মাণে কী দুর্নীতি হচ্ছে জানতে চায়নি, কীভাবে বন্দুকের লাইসেন্স পাওয়া যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কাজ কী—এসব জানতে চেয়েছে। এ ধরনের প্রশ্ন সুশাসন নিশ্চিত করায় কোনো প্রভাব ফেলছে না। সেমিনারে আরও বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট তানবির উল ইসলাম সিদ্দিকী, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ প্রমুখ। তথ্য অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন: তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের’—এই বক্তব্য নিয়ে ওই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি), মানুষের জন্য ফাউন্ডেশন, কোস্ট ট্রাস্ট, এমআরডিআই, ডি.নেট, ব্র্যাকসহ সমমনা সংগঠন ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান খসড়া সম্প্রচার নীতিমালার বিরোধিতা করেন। তিনি বলেন, এই নীতিমালাটি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। মত প্রকাশের সাংবিধানিক স্বাধীনতার সঙ্গে এ ধরনের নীতিমালার যেন কোনো বিরোধ না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। টিআইবি দেশের ৪৫টি অঞ্চলে ‘সচেতন নাগরিক কমিটি’র মাধ্যমে দেশব্যাপী প্রচারণা চালায়।