বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যশোরে আয়োজিত সম্মেলনে বোমা হামলার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ওই হত্যাকাণ্ডের দ্বাদশ বার্ষিকীতে রাজধানীর মুক্তাঙ্গনে উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজিত সভায় এই দাবি জানানো হয়।উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন শিল্পী, কর্মী ও দর্শক নিহত হন এবং দেড় শতাধিক আহত হন। উদীচীর নেতারা বলেন, ১৯৯৯ সালের এই নির্মম ঘটনার ১২ বছর পর আজও এর সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।উদীচীর যশোর সম্মেলনে নিহত শিল্পী, কর্মী ও দর্শকদের স্মরণে গতকাল বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, লালবাগ, পল্লবী, গেন্ডারিয়া, বাড্ডা ও মিরপুর শাখা।এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, পথনাটক পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ঋষিজ ও আবৃত্তি সংগঠন সংবৃতা পুষ্পার্ঘ্য অর্পণ করে।অপরদিকে উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে বিকেল পাঁচটায় আলোচনা অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, উদীচীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক কামরুল আহসান খান, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি ফকির সিরাজ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার মধ্য দিয়ে বর্বরোচিত হামলার শুরু হয়েছিল। এরপর রমনায় বর্ষবরণ অনুষ্ঠান, প্রগতিশীল রাজনৈতিক সভা-সমাবেশ, আদালত, সিনেমা হল, যাত্রা অনুষ্ঠান, মঞ্চনাটক, মাজার, গির্জা, মন্দির ও মসজিদের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা চালায়। যশোরের হামলার ১২ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। আলোচনায় এই হামলার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান বক্তারা। সভা শেষে উদীচী ঢাকা মহানগর, মিরপুর ও লালবাগ শাখার অংশগ্রহণে ছিল সংগীত ও আবৃত্তি।