সুস্থ, সুন্দর জীবনের জন্য তরুণদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া তরুণদের মধ্যে এইডস কী, কেন তা হয়, এ সম্পর্কে আরও ব্যাপকভাবে আলোচনা প্রয়োজন।গতকাল শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রথম আলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে এইডস ও মাদকবিরোধী আলোচনায় বক্তারা এ কথা বলেন।এ উপলক্ষে ‘আমরা করব জয়’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাত্রা ও সেভ দ্য চিলড্রেন পুরো আয়োজনে সহযোগিতা করে।বক্তারা তরুণ শিক্ষার্থীদের সামনে এইডস ও মাদকের ভয়াবহতা তুলে ধরেন। তাঁরা এইডস ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানটির উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আমিনুল ইসলাম।বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মো. সবুর খান, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন দক্ষিণ এশিয়ার এইচআইভিবিষয়ক পরামর্শক ডা. নিজাম উদ্দিন আহমেদ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাত্রার পরিচালক সানাউল আরেফিন, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, সেভ দ্য চিলড্রেনের শেখ মাসুদুল আলম, বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার সদস্য ও শিক্ষার্থীরা।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ও বন্ধুসভার বন্ধু শাকিলা শুক্লা। এ ছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন।