সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ইরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো যকৃৎ প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্টেশন) করা ইরশাদ আহমেদ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। বারডেম হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার তিনি ঢাকার শান্তিনগরের বাসায় ফিরে যান।ইরশাদ আহমেদের সুস্থ হওয়া উপলক্ষে গতকাল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানায়, একটি পূর্ণাঙ্গ যকৃৎ প্রতিস্থাপন ইউনিট গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে ভবিষ্যতে যকৃৎ প্রতিস্থাপন করতে রোগীদের আর বিদেশে যেতে হবে না। গত ৩ জুন বারডেম হাসপাতালের প্রধান যকৃৎ প্রতিস্থাপন শল্যবিদ (চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন) মোহাম্মদ আলীর নেতৃত্বে ২৪ সদস্যের চিকিৎসা দল ইরশাদ আহমেদের দেহে যকৃৎ প্রতিস্থাপন করেন। এক আত্মীয়ের যকৃতের কিছু অংশ তাঁর শরীরে লাগিয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে মোহাম্মদ আলী জানান, ইরশাদ পাঁচ বছর ধরে যকৃতের অসুখে (লিভার সিরোসিস) ভুগছিলেন। তাঁকে সুস্থ করতে যকৃৎ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। যকৃতের অভাব পূরণে এক আত্মীয়ের যকৃতের একটি অংশ ইরশাদের দেহে জুড়ে দেওয়া হয়। মোহাম্মদ আলী বলেন, ‘যকৃত প্রতিস্থাপনের পর নানা পর্যায়ে রোগীর জটিলতা দেখা দিয়ে থাকে। এ জন্য আমরা সব সময়ই ভয়ে ছিলাম। তবে অপারেশনের মাত্র ৩২ দিনের মধ্যে ইরশাদ আহমেদ সুস্থ হয়ে উঠেছেন। এটা হাসপাতালের সাফল্য। তবে কিছুদিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।’ তিনি জানান, একটি পূর্ণাঙ্গ যকৃৎ প্রতিস্থাপন ইউনিট গড়ে তোলার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে এই রোগীদের আর বিদেশে যেতে হবে না।ইরশাদ আহমেদ সাংবাদিকদের জানান, ‘বারডেম হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট করানোর পর আমি এখন সুস্থ।’ স্ত্রী হেনা আক্তার বলেন, ‘এখানে যে সেবা পেয়েছি, তাতে আমরা খুশি।’ব্যক্তিগত জীবনে অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্সে কর্মরত ইরশাদ আহমেদ তিন সন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। কর্তৃপক্ষ জানায়, ইরশাদের যকৃৎ প্রতিস্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। শুধু পরীক্ষা-নিরীক্ষা ও যন্ত্রপাতি ব্যবহারে খরচ হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাজেরা মাহতাব, জিয়াউদ্দিন আহমেদ, এ আর খান, রফিক উল হক, মির্জা মাজহারুল ইসলাম, আবুল মনসুর ও আনিসুর রহমান বক্তব্য দেন।