সুস্থতা শিশুর বিকাশের জন্য অপরিহার্য: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুস্বাস্থ্যের লক্ষ্যে শিশুদের খেলাধুলায় মনোযোগী হতে বলেছেন। তাঁর মতে, সুস্বাস্থ্য শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মন্ত্রী গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে শারীরিক শিক্ষাবিষয়ক উপকরণের উদ্বোধনী অধিবেশনে এ মন্তব্য করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ব্রিটিশ কাউন্সিল ‘খেলতে খেলতে শেখা’ নামে ৩৬টি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা নিয়ে এ শিক্ষা উপকরণ তৈরি করেছে। প্রতিটি কার্ডে একটি খেলার সচিত্র নিয়মাবলি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে এই উপকরণ বিতরণ করবে।শিক্ষামন্ত্রী বলেন, শারীরিক সুস্থতা শিশুর সামগ্রিক বিকাশের অপরিহার্য শর্ত। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের ওপর শিশুর বেড়ে ওঠা নির্ভর করে। শিশুদের যথাযথ বিকাশে খেলার মাঠের অপ্রতুলতাকে প্রধান সমস্যা হিসেবে অভিহিত করে নুরুল ইসলাম নাহিদ বলেন, সীমা-বদ্ধতার মধ্যেও যেটুকু সুযোগ আছে সেটিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটাতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার নিক লো, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাকাবি, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি আর্নট ও জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান বক্তৃতা করেন। ‘খেলতে খেলতে শেখা’-এর ৩৫ হাজার কপি দেশের ৩২ হাজার বেসরকারি মাধ্যমিক স্কুল, আলিয়া মাদ্রাসা ও শিক্ষা দপ্তরে বিলি করা হবে। প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী করে বইটি সাজানো হয়েছে।