সুস্থভাবে আসতে পেরেছি এটাই বড় কথা: সমৃদ্ধির মাস্টার
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ক্যাপ্টেন মাস্টার জি এম নূর ই আলম বলেছেন, ‘আমরা এখানে সুস্থভাবে আসতে পেরেছি, এটাই বড় কথা। তবে আমরা জার্নি করে খুব ক্লান্ত। এখন আর ভাবাভাবির কিছু নেই, আমরা চলে এসেছি।’
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটের সামনে আজ বুধবার বেলা দুইটার দিকে এসব কথা বলেন মাস্টার নূর ই আলম।
সুস্থভাবে ফিরবেন ভেবেছিলেন কি না, এ প্রশ্নের জবাবে নূর ই আলম বলেন, ‘আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে।’
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ উইংয়ের মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়া তাঁদের ফিরিয়ে আনতে কাজ করেছে। আমাদের ২৮ জন যে ক্রু মেম্বার, তাঁদের আমরা আমাদের বুকে নিতে পেরেছি। এটি আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয়। তাঁরা তাঁদের পরিবারের কাছে যাবেন, তাঁরা এখন নিরাপদ, মুক্ত।’
মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান বলেন, ‘বাকি একজন হাদিসুর রহমান। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমরা আবারও সহমর্মিতা জানাচ্ছি এবং তাঁর দেহাবশেষ আমরা অতিসত্বর দেশে আনব।’
হাদিসুরের পরিবার ক্ষতিপূরণ পাবেন কি না, এ বিষয়ে মহাপরিচালক বলেন, ‘আপাতত আমাদের কাজ হলো স্থায়ীদের উদ্ধার করা। তারপর তাঁদের পরিবারের জন্য যা কিছু করণীয়, সেটি আমরা অবশ্যই করব।’
হাদিসুরের লাশ ফেরানোর বিষয়ে সিকদার বদিরুজ্জামান বলেন, ‘যত দ্রুত সম্ভব, এটা টাইম ফিক্সড করা খুবই দুরূহ একটা ব্যাপার। আপনারা নিশ্চয়ই ভিজ্যুয়ালাইজ করতে পারছেন। একটা দেশে যুদ্ধ চলছে, সেখানে মানুষ ঢুকতে পারছে না। কিন্তু আমাদের আন্তরিকতা ও চেষ্টা শতভাগ আছে। আমাদের তিনটা মিশন একসঙ্গে কাজ করছে।’
ফিরে আসা ২৮ জন নাবিকের বিষয়ে সিকদার বদিরুজ্জামান বলেন, ‘তাঁরা অত্যন্ত ক্লান্ত ও ট্রমাটাইজ। তাঁদের এখন পরিবারের কাছে ফিরতে হবে। তাঁরা যার যার বাড়িতে যাবেন। এখন আপাতত উত্তরায় তাঁদের যে সংস্থা আছে, সেখানে মেডিকেল টেস্ট করা হবে, রিপোর্টিংয়ের একটা ব্যাপার আছে। সেখানে সব আনুষ্ঠানিকতা সেরে তাঁদের বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হবে বিশ্রামের জন্য।’
এরপর বাংলার সমৃদ্ধির মাস্টার জি এম নূর ই আলম সাংবাদিকদের সেদিনের ঘটনা সম্পর্কে জানান। তিনি বলেন, ‘সেদিন আমাদের নিয়মিত (রুটিন) ডিউটি ছিল। বিকেলে হামলা হয়। তখন আমাদের ব্রিজে আগুন লেগে গেছিল। আগুন নেভানোর জন্য আমরা ব্যস্ত ছিলাম। আগুন নেভানো হয়। এরপর পরবর্তী সংবাদ আপনারা সব জেনেছেন।’
এই মাস্টার বলেন, ‘দেশবাসী আমাদের জন্য অনেক দোয়া করেছেন। নৌপরিবহনমন্ত্রী যুদ্ধ শুরুর পর থেকে ফোন করে পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। আমার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফোন করে যোগাযোগ করে সাহস দিয়েছেন। নিরাপদে আমাদের সরিয়ে আনতে যত পদক্ষেপ দরকার নেওয়া হয়েছে।’
জি এম নূর ই আলম বলেন, ‘আমি দেখেছি প্রায় ৬০ মাইল হেঁটে হেঁটে রিফিউজিরা বর্ডার ক্রস করেছে। তবে আমাদের হাঁটতে হয়নি। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা সুস্থভাবে এসেছি, এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
নিরাপদ স্থানে যাওয়ার সম্ভাবনা ছিল, কালক্ষেপণ হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে মাস্টার নূর ই আলম বলেন, ‘যেদিন যুদ্ধ শুরু হয়, সেদিন সকালেই ওরা চ্যানেল বন্ধ করে দেয়। আর বের হওয়ার কোনো সুযোগ ছিল না।’
সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং শেষে নাবিকদের উত্তরায় তাঁদের সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুর ১২টায় বাংলার সমৃদ্ধির ২৮ জন নাবিক নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭২২ ফ্লাইটটি। সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন এসব নাবিকের স্বজনেরা।