সূত্রাপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরের একটি বাসায় এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম বিলকিস বেগম (১৬)। শনিবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সূত্রাপুরের ৩/এইচ হেয়ার রোডের বাড়ির পঞ্চম তলায় সাহাবুদ্দিন আহমেদ নামে এক ব্যবসায়ীর বাসার মেঝে থেকে বিলকিসের লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, আড়াই বছর ধরে বিলকিস সাহাবুদ্দিনের বাসায় গৃহপরিচারিকার কাজ করছে। শনিবার দুপুরের দিকে গৃহকর্ত্রী রিনা বেগম বিলকিসকে ফ্ল্যাটে তালাবদ্ধ করে তাঁর বোনের ওয়ারীর বাসায় চলে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসায় ফিরে দেখেন বিলকিস সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। বিলকিসের হাতে জখমের চিহ্ন রয়েছে। বিলকিসের ভাই বাদশা মিয়া অভিযোগ করেন, তাঁর বোন গলায় ফাঁস দিয়ে মরতে পারে না। তাঁকে হত্যা করা হয়েছে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে বিলকিস ষষ্ঠ ছিল। তাঁদের বাবা মোহাম্মদ মানিক একজন দিনমজুর। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মান্দাইকি এলাকায়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, গৃহকর্তার পক্ষ থেকে অপমৃত্যু মামলার আবেদন করা হয়েছিল কিন্তু তা গ্রহণ করা হয়নি। বিলকিসের পরিবারের কেউ এখনো থানায় আসেনি। তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ করবে।