সূত্রাপুরে দুর্বৃত্তদের ইটের আঘাতে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর সূত্রাপুরের দেবেন্দ্র দাস লেনে গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তদের ইটের আঘাতে আবদুল বারেক (৪৫) নামে এক কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে দেবেন্দ্র দাস লেনের একটি ছাপাখানার সামনের রাস্তা থেকে পুলিশ বারেকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।নিহত পুলিশ সদস্যের জামাতা নাসির উদ্দিন জানান, রমজান মাস শুরুর আগে তাঁর শ্বশুর কমিউনিটি পুলিশে যোগ দেন। গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঢাকায় ছুটে আসেন। কে বা কারা তাঁর শ্বশুরকে ইটের আঘাতে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। কমিউনিটি পুলিশে যোগ দেওয়ার আগে তিনি সবজি বিক্রি করে সংসার চালাতেন। নিহত বারেক এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে সূত্রাপুরের কাগজীটোলায় ভাড়া থাকতেন।সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী-উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বারেককে ইটের আঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ রক্তাক্ত ইটটি জব্দ করেছে। মৃতদেহের ডান কানের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।