সূত্রাপুরে হামলায় প্রবাসী দম্পতি আহত
পুরান ঢাকার সূত্রাপুরের একটি বাসায় গতকাল সোমবার বিকেলে লন্ডনপ্রবাসী আবু তাহের ও তাঁর স্ত্রী আয়েশা শাহ নিলা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।আবু তাহের অভিযোগ করেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় সন্ত্রাসী রাজীউল্লাহর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর ৯ নম্বর কে জি গুপ্ত লেনের বাসায় ঢোকে। সন্ত্রাসীরা তাঁকে মারধর করে। এ সময় তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। তাহের জানান, সম্পত্তি নিয়ে তাঁদের ভাইদের মধ্যে বিরোধ রয়েছে। তবে এ হামলার সঙ্গে বিরোধের কোনো যোগসূত্র নেই।সূত্রাপুর থানার অপারেশন কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আবু তাহেরের ভাইদের মধ্যে সাত বছর ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে তিন-চারটি এবং থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদের বড় ভাই রাজীউরকে প্রহরী নিযুক্ত করেছিলেন। প্রতি মাসে ওই বাড়ির ভাড়া ওঠে দেড় লাখ টাকা। গতকাল রাজীউর দলবল নিয়ে আবু তাহের ও তাঁর স্ত্রীর ওপর হামলা চালান।