সৃষ্টির মধ্যে বেঁচে থাকবেন রফিক আজাদ
ষাটের দশকে যাঁদের কবিতা বিপ্লব ঘটিয়েছিল, কবি রফিক আজাদ তাঁদের অন্যতম। আগাগোড়া নির্লোভ এই কবি অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, শব্দাস্ত্র দিয়ে সমাজের অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি সেই বিরল কবিদের একজন, যিনি শুধু কবিতাই নয়, কবিরও স্রষ্টা। তাঁর সৃষ্টির মধ্যে তিনি চিরদিন বেঁচে থাকবেন।
গতকাল মঙ্গলবার বাংলা একাডেমিতে আয়োজিত নাগরিক শোকসভায় সদ্য প্রয়াত কবি রফিক আজাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা এসব কথা বলেন। বাংলা একাডেমি ও জাতীয় কবিতা পরিষদ যৌথভাবে শোকসভার আয়োজন করে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের সঞ্চালনায় রফিক আজাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আসাদ চৌধুরী, রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, রফিক আজাদের স্ত্রী দিলারা হাফিজ, ছেলে অভিন্ন আজাদ প্রমুখ।
সৈয়দ শামসুল হক বলেন, যুদ্ধজয়ী রফিক আজাদ চাইলে টাঙ্গাইলের অর্ধেক দখল করতে পারতেন। কিন্তু সম্পদের প্রতি তাঁর এতটুকু লোভ ছিল না। তিনি চাইলে রাজনীতি করতে পারতেন, কিন্তু ক্ষমতার প্রতি তাঁর লোভ ছিল না। রফিক আজাদের কবিতা সম্পর্কে তিনি বলেন, কবিতায় গদ্যের বাগ্ভঙ্গি তাঁকে বিশিষ্ট করেছে। আর এ কারণেই ষাটের দশকের মৌলিক একটি কণ্ঠ রফিক আজাদ।
শামসুজ্জামান খান তাঁর বক্তব্যে বাংলা একাডেমির সাহিত্য পত্রিকা উত্তরাধিকার-এর একটি সংখ্যা রফিক আজাদের স্মরণে প্রকাশ করার ঘোষণা দেন। পাশাপাশি আগামী বইমেলার আগে রফিক আজাদের রচনাসমগ্র প্রকাশের কথা বলেন।
রবিউল হুসাইন বলেন, রফিক আজাদ একজন সৃজনশীল ও সৃষ্টিশীল মানুষ ছিলেন। খুব সহজে শব্দ দিয়ে তিনি মানুষকে মোহিত করতে পারতেন। তিনি শুধু কবিতাই রচনা করেননি, অনেক কবিও সৃষ্টি করেছেন।
নূহ-উল-আলম লেনিন আওয়ামী লীগের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, রফিক আজাদ সারা জীবনে দুটি অস্ত্রের ব্যবহার করেছেন। একটি যুদ্ধাস্ত্র, অন্যটি শব্দাস্ত্র। একটি দিয়ে তিনি দেশ স্বাধীন করেছেন, অন্যটি দিয়ে লেখা কবিতার জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্থায়ী পদ সৃষ্টি করে নিয়েছেন।
শোকসভায় কবির ভক্ত, অনুরাগী ও বন্ধুরা কবির লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করে কবির প্রতি শ্রদ্ধা জানান।
গত শনিবার কবি রফিক আজাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামী শুক্রবার বাদ আসর কবির ধানমন্ডির বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে বলে শোকসভায় ঘোষণা করা হয়।