সেই জুলফিকার মারা গেছেন
দুর্বৃত্তদের ছুরির আঘাতে আহত জুলফিকার আলী খন্দকার (২৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।২ অক্টোবর গভীর রাতে জুলফিকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিন রাত দেড়টার দিকে বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিক মহাখালী থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। তাঁকে ভর্তি করা নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের বাগিবতণ্ডা হয়। সাংবাদিক ও চিকিৎসকেরা পরস্পরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন। কয়েক দিন পর বিষয়টি মীমাংসা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ২ অক্টোবর রাত তিনটার দিকে জুলফিকারকে অচেতন অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তাঁর জ্ঞান আর ফেরেনি। গতকাল সকাল নয়টার দিকে আইসিইউর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।জুলফিকারকে উদ্ধারকারী ইটিভির সাংবাদিক মাহমুদ সিরাজ বলেন, মহাখালী উড়ালসেতুর ঢালের কয়েক গজ দূরে বিমানবন্দর সড়কে জুলফিকার পড়ে ছিলেন। তাঁর কাঁধে গভীর জখম ছিল; মাথায়ও আঘাত ছিল। পরে তিনি ও সঙ্গে থাকা চিত্রগ্রাহক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।জুলফিকারের চাচাতো ভাই জামান খন্দকার বলেন, পরিবারের ধারণা, এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কেউ জুলফিকারকে হত্যার চেষ্টা করে রাস্তায় ফেলে রাখে। তবে মৃত্যুর আগপর্যন্ত তিনি অচেতন থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। জামান খন্দকার আরও বলেন, জুলফিকারদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। তাঁর বাবার নাম রাজে আলী খন্দকার। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে জুলফিকার ছোট। তিনি কখনো ঢাকার গুলশানের শাহজাদপুরে আত্মীয়ের সঙ্গে, আবার কখনো গ্রামে থাকতেন।