সেই ডিম বিক্রেতাকে ধাক্কা দেওয়া পিকআপের চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর বেইলি রোডে নুর আলম (৩৫) নামের এক ডিম বিক্রেতাকে ধাক্কা দেওয়া পিকআপের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে জসিম উদ্দিন নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান। বুধবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার সকালে তেজগাঁওয়ের আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে নুরে আলম কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় যাচ্ছিলেন। পথে বেইলি রোডে একটি পিকআপ পেছন থেকে ডিমভর্তি ভ্যানটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় নুর আলম ও তুহিন (৩৮) নামের আরেক ব্যক্তি আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন। তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত পিকআপটি আটক করে পুলিশ। তবে চালক জসিম উদ্দিন পলাতক ছিলেন।