সেই তৈমুরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হারুন-উর-রশিদ তৈমুরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ঢালী ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী পরিষদের জরুরি এক সভা হয়। সভায় দলের ভাবমূর্তি নষ্ট, দলীয় কার্যক্রমবিরোধী কাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সর্বসম্মতিতে তৈমুরের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ ঢালী প্রথম আলোকে বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সর্বসম্মতিতে তৈমুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোবহানবাগ ও শুক্রাবাদ এলাকায় চাঁদাবাজির অভিযোগ আছে তৈমুরের বিরুদ্ধে। চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা হয়েছে। এ নিয়ে ৫ আগস্ট প্রথম আলোয় ‘চলছে নীরব চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।