সেই তো ব্যক্তিগত গাড়ি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দফায় মাসের প্রথম শুক্রবারেও ব্যক্তিগত গাড়ি চলছে। মানিক মিয়া অ্যাভিনিউ, ৩ নভেম্বর। প্রথম আলো।
দ্বিতীয় দফায় মাসের প্রথম শুক্রবারেও ব্যক্তিগত গাড়ি চলছে। মানিক মিয়া অ্যাভিনিউ, ৩ নভেম্বর। প্রথম আলো।

সেতুমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ শুক্রবার ব্যক্তিগত গাড়িমুক্ত থাকার কথা। অথচ সেখানে দিব্যি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। পুলিশের কোনো তৎপরতাও নেই। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থানকালে এ দৃশ্য দেখা যায়। সেখানে শুধু সাইনবোর্ডটাই শোভা পাচ্ছে।

২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন, প্রতি মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে। সে অনুসারে ৬ অক্টোবর প্রথম দফায় মানিক মিয়া অ্যাভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত থাকেনি। বলা হয়েছিল, মেডিকেল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কারণে ওই দিন গাড়িমুক্ত থাকেনি মানিক মিয়া অ্যাভিনিউ। আজ দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই প্রান্তে ‘ব্যক্তিগত গাড়ি চলাচল নিষেধ’ নির্দেশ সংবলিত সাইনবোর্ড টানানো থাকলেও ব্যক্তিগত গাড়ি অবাধে চলাচল করেছে। এ সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরাও তা আটকানোর চেষ্টা করেননি।

গাড়িমুক্ত ঘোষণা সত্ত্বেও গাড়ি চলা বিষয়ে জানতে চাইলে সেখানে কর্তব্যরত তেজগাঁও জোনের ট্রাফিক পরিদর্শক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে ব্যাপক আকারে প্রচার-প্রচারণা চালানো হয়নি। যেকারণে অনেকেই জানেন না, যে মাসের প্রথম শুক্রবার এ সড়কটিতে ব্যক্তিগত গাড়ি চলাচল করতে পারবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ জন্য আমরা সাইনবোর্ড টানিয়ে রেখেছি। আস্তে ধীরে বিষয়টি সম্পর্কে সবাই অবগত হলে তখন আমরা গাড়ি আটকানোর চেষ্টা করব।

যানজট ও দূষণমুক্ত নগর গড়ার প্রত্যয়ে গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষসহ (ডিটিসিএ) আট সরকারি সংস্থা। এ আয়োজনের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর বেটার বাংলাদেশসহ আরও ৩৬টি বেসরকারি সংস্থা।

দিবসটির ‘তাৎপর্য’ অনুধাবনের তাগিদ দিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাসের প্রথম শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউ ব্যক্তিগত গাড়িমুক্ত রাখার ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস নিয়ে আমরা কাগজে লিখলাম, সুন্দর সুন্দর বক্তব্য দিলাম...বাস্তবতা যদি না থাকে, তাহলে এসব কথা বলে লাভ নেই। শুধু মুখে নয়, গাড়িমুক্ত দিবসের যথার্থতা আমরা যেন উপলব্ধি করি।’

গত শতকের সত্তরের দশকে জ্বালানি-সংকট মোকাবিলায় নানা উদ্যোগের মধ্যে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস প্রচলন ছিল অন্যতম। পরে দূষণ নিয়ন্ত্রণ ও যানজট হ্রাসে জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এই দিবস পালনের বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বিশ্বের প্রায় চার হাজার শহরে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। কলম্বিয়ার রাজধানী বোগোটা ও ইন্দোনেশিয়ার জাকার্তায় এটি পালন করা হয় সপ্তাহজুড়ে।