প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘এবার রমজান মাসে বিগত পাঁচ-সাত বছরের মধ্যে মোটামুটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। যারা আমাদের দেখতে পারে না, সেই দুর্মুখেরা ভুল প্রমাণিত হয়েছে। আমরা এই অর্জনকে সামনে এগিয়ে নিতে চাই।’জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলা রাজধানীর কারওয়ান বাজারের পেট্রো সেন্টারে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বিদ্যুৎ নিয়ে সমালোচনাকারীদের সমালোচনা করে বলেন, বিদ্যুৎ নিয়ে কিছু আলোচক ও গবেষক অবাস্তব আলোচনা শুরু করেছেন।পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আবাসিক গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়ে আবারও ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘গ্যাসের উৎপাদন আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে আমাদের। তবে উৎপাদন বাড়লেও প্রথমে যাবে বিদ্যুৎকেন্দ্রে। এরপর শিল্পকারখানা ও সার উৎপাদনে। এরপর উদৃ্বত্ত থাকলে অন্য খাতে দেব।’জ্বালানিসচিব মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, পরিচালক মোল্লা মো. মবিরুল হোসেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী প্রমুখ।সেমিনারে জ্বালানি সাশ্রয়ে দক্ষতার পরিচয় দেওয়ায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, স্কয়ার টেক্সটাইল, আকিজ টেক্সটাইল এবং ইওএস টেক্সটাইলকে উদ্দীপনা পুরস্কার দেওয়া হয়।সেমিনারের আগে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়।