সেই নারী কর্মকর্তা পা হারাতে পারেন
বাসের চাপায় থেঁতলে যাওয়া পা নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) কাতরাচ্ছেন আণবিক শক্তি কমিশনের কারিগরি কর্মকর্তা আফরোজা পারভীন। আজ শনিবার পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, থেঁতলে যাওয়া আফরোজার ডান পা হারাতে হতে পারে।
আজ শুক্রবার সকালে রাজধানীর বনানীর সৈনিক ক্লাবের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন আফরোজা পারভীন (৫৮)। নরসিংদীতে বাবার বাড়ি থেকে বাসে করে ঢাকায় নিজের বাসায় ফেরার জন্য রাস্তা পার হওয়ার সময় বাসটি তাঁর ডান পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন বাসচালক। এতে আফরোজার ডান পা গোড়ালির নিচ থেকে থেঁতলে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউক্লিয়ার মেডিসিন বিভাগে কারিগরি কর্মকর্তা আফরোজা এখন পঙ্গু হাসপাতালের পরিচালক মো. আবদুল গনি মোল্যাহর অধীনে চিকিৎসাধীন। চলতি বছরের ডিসেম্বরে আফরোজার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা।
পঙ্গু হাসপাতাল সূত্র জানায়, আজ অধ্যাপক গনি মোল্যাহকে প্রধান করে আফরোজার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গত শুক্রবার জরুরি বিভাগে প্রাথমিক অস্ত্রোপচারের পর গতকাল তাঁকে হাসপাতালের কেবিনে পাঠানো হয়েছে। সহকর্মীরা তাঁকে দেখতে গতকাল পঙ্গু হাসপাতালে ভিড় করেন।
আফরোজার ছেলে এ আর আল মামুন আজ প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর মায়ের প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া ডান পায়ের গোড়ালির নিচের অংশ অস্ত্রোপচার করে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড তাঁকে জানিয়েছে, আজ রোববার তাঁর পায়ের অস্ত্রোপচার করা হবে। তারা তাঁকে এ–ও বলেছে, ক্ষতিগ্রস্ত অংশ চিকিৎসার স্বার্থে রাখা না গেলে তা কেটে ফেলতে হতে পারে।
আল মামুন বলেন, কেবিনের বিছানায় শুয়ে মা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছেন, আর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে কাঁদছেন। তাঁর মায়ের আগামী বছর হজে যাওয়ার কথা। সেই কথা স্মরণ করে তিনি বারবার বলছেন, হয়তো তিনি হজে যেতে পারবেন না। এ সময় তাঁকে সান্ত্বনা দেওয়া হয়।
আফরোজার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তাঁকে তত্ত্বাবধানকারী অধ্যাপক গনি মোল্যা আজ প্রথম আলোকে বলেন, আজ তাঁর ব্যান্ডেজ খুলে পায়ের অবস্থা দেখা হবে। ক্ষতিগ্রস্ত অংশ রাখার চেষ্টা করা হচ্ছে। চিকিৎসার স্বার্থে সেই অংশ রাখা না গেলে অস্ত্রোপচার করে তা বাদ দিতে হবে।
এদিকে গত দুদিনেও পিপি এল সুপার পরিবহনের বাসের চালক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আজ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আফরোজার ছেলে আল মামুন বাদী হয়ে বাসটির চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন। বাসটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা যায়নি।