সেই পিস্তলটি জব্দ, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিস্তল নিয়ে এক কিশোরের খেলার সময় আরেক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার পুলিশ পিস্তলটি জব্দ করেছে। এ ব্যাপারে পুলিশ একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। 
গতকাল শুক্রবার পল্টনের শান্তিনগরের পীর সাহেবের গলিতে ফুফা কাওছার আহমেদের বাসায় বেড়াতে যায় নয় বছরের জান্নাত। বিকেলে বাসায় কাওছারের লাইসেন্স করা পিস্তল নিয়ে খেলছিল তারই ১২ বছরের ছেলে মাহী। এক পর্যায়ে অসতকর্তাবশত একটি গুলি বের হয়ে জান্নাতের পেটে লাগে। পরে আহত অবস্থায় জান্নাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে জান্নাতের স্বজনেরা জানান, মতিঝিলের পোস্ট অফিস স্কুলের সামনে জান্নাতকে নিয়ে রিকশায় ঘোরার সময় হঠাৎ গুলি এসে তার পেটে লাগে। অবশ্য পরে পল্টন থানার পুলিশ হাসপাতালে নিয়ে জান্নাতের স্বজনদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করলে মূল ঘটনা খুলে বলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘ওই পিস্তলটি জব্দ করা হয়েছে। পিস্তলটি লাইসেন্স করা। কাওছার ঠিকাদারি ব্যবসা করেন বলে জানতে পেরেছি। কিন্তু তিনি পিস্তলের লাইসেন্স পেতে পারেন কি না এবং গত শুক্রবারের ঘটনায় তার কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য থানায় একটি জিডি করে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’
ওসি আরও বলেন, যদি পিস্তলের লাইসেন্স প্রাপ্তিতে অযোগ্যতা ও ওই ঘটনায় কাওছারের কোনো অবহেলা প্রমাণিত হয়, তাহলে পিস্তলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হবে।