সেট টপ বক্সের ন্যায্য দাম নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা মহানগর কেব্‌ল টিভি ফিড অপারেটরস’ আয়োজিত মানববন্ধন
ছবি: আহমেদ দীপ্ত

কেব্‌ল টেলিভিশন নেটওয়ার্ক আধুনিকায়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেব্‌ল টিভি ফিড অপারেটররা। একই সঙ্গে তাঁরা বলেছেন, তাঁদের চাহিদা অনুযায়ী বাজারে ‘সেট টপ বক্স’ প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সেট টপ বক্সের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণ করতে হবে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান কেব্‌ল টিভি ফিড অপারেটররা। ‘ঢাকা মহানগর কেব্‌ল টিভি ফিড অপারেটরস’ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেব্‌ল টিভি আধুনিকায়নের পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সরকারকে ফিড অপারেটর বা ডিস্ট্রিবিউটরদের সহযোগিতা করতে হবে। আর এই সহযোগিতার জন্য প্রয়োজন সেট টপ বক্সের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণ করা।

কেব্‌ল টিভি ফিড অপারেটররা বলেন, এই খাতকে শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করতে হবে। ডিশ লাইনের বিরুদ্ধে ডিটিএইচের অপপ্রচার, ব্যঙ্গাত্মক ও সম্মানহানিকর বিজ্ঞাপন বন্ধ করতে হবে।

মানববন্ধনে বেস্ট টিভি কেব্‌ল নেটওয়ার্কের আহ্বায়ক মো. নুরুল আমিন চৌধুরী বলেন, ‘আমরা কেব্‌ল টিভি আইন-২০০৬ অনুসারে ফিড অপারেটর হিসেবে পরিচিত। সরকার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন করেছে। এই পরিকল্পনার আওতায় কেব্‌ল টিভি খাতকে ডিজিটাল করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের সাহায্য-সহযোগিতা প্রয়োজন।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নকশি ভিশনের যুগ্ম আহ্বায়ক সেলিম আল মাহবুব, গ্যালাক্সি কেব্‌ল নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ প্রমুখ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে স্যাটেলাইট টেলিভিশন দেখতে হলে গ্রাহককে ৩০ নভেম্বরের মধ্যে সেট টপ বক্স বসাতে হবে।

অন্যান্য মেট্রোপলিটন শহর, সব বিভাগীয় শহর এবং কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙামাটি ও কক্সবাজার জেলা শহরেও সেট টপ বক্স বসাতে হবে। তবে ঢাকা ও চট্টগ্রামের বাইরে সেট টপ বক্স বসাতে সময় পাওয়া যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন